জগন্নাথপুর অফিস
দীর্ঘ ২০ বছর পর অবশেষে জগন্নাথপুর ছাত্রদলের কমিটি গঠন ঘোষণা করা হয়েছে। গত বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হচ্ছে কমিটি গঠনের খবর।
মামুনুর রশিদ মামুন কে আহবায়ক এবং সামছুল ইসলাম জাবির কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া’র যৌথ স্বাক্ষরে এই কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
উপজেলা কমিটির পাশাপাশি ইমন আহমদকে আহবায়ক, মোবারক হুসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটি গঠন করা হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, ২০০১ সালে সম্মেলনের মাধ্যমে রাজু আহমদকে সভাপতি ও কবির আহমদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। ২০০৫ সালের দিকে ছাত্রদল সভাপতি রাজ আহমদ স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যান যুক্তরাজ্যে। এরপর দলের সাধারণ সম্পাদক কবির আহমদ উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেয়ে বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। ওই কমিটির ছাত্রদলের সবাই বর্তমানে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সস্পৃক্ত রয়েছেন। এরমধ্যে অনেক নেতাকর্মী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছিলেন।
এছাড়া পৌরসভা, কলেজ ও উপজেলার সব ক’টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি অনেক বছর ধরেই ছিল না। সম্প্রতিকালে ছাত্রদলের কমিটিকে ঘিরে বিএনপির দুই বলয়ের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা দেয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রদর্লে আহবায়ক জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গত ৬ জানুয়ারি জগন্নাথপুরের ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আগামি ৬০ দিনের মধ্যে সকল ইউনিটের কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।