- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ নির্বাচন/ আ.লীগের প্রার্থী নুরুল ইসলাম

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম। শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় নুরুল ইসলাম কে জগন্নাথপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের ১২ জন নেতা গত ১২ এপ্রিল দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন।
গত দুই নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। গত ২৬ ডিসেম্বর তিনি মারা গেলে চেয়ারম্যান পদের শূন্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
জগন্নাপুরের ১২ জন আওয়ামী লীগ নেতা দলের মনোনয়ন চেয়ে ফরম জমা দেন। মনোনয়ন বোর্ডে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম কে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল ইসলাম মুক্তিযুদ্ধের সংগঠক ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক।
তিনি দীর্ঘদিন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সদস্য ছিলেন তিনি।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় নুরুল ইসলাম বলেন, আমি কৃতজ্ঞ। দলীয় সভানেত্রী শেখ হাসিনা কর্মের মূল্যায়ন করেছেন। আমি স্থানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রীর পরামর্শে সবাইকে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে দলীয় প্রতীকের সম্মান রক্ষা করার চেষ্টা করবো।
প্রসঙ্গত, নির্বাচনী তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রশীদ ভূইয়া বললেন, দলের ত্যাগী কর্মীকে মূল্যায়ণ করা হয়েছে। নেতা কর্মী সকলে খুশী। নৌকার পক্ষে সকলে ঐক্যবদ্ধ থাকবে আশাকরছি।

  • [১]