জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর নুরের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে। মিছিল শেষ ইউএনও’ নিকট অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন খাত থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দেয় শিক্ষার্থীরা।
অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, কলেজ কর্তৃপক্ষ যে কোন পরীক্ষায় অকৃতকার্য হলে
প্রতি বিষয়ে ১০০ টাকা ও অনুপস্থিত থাকলে প্রতি বিষয়ে ২০০ টাকা করে আদায় করেন। উপবৃত্তির ক্ষেত্রেও ধনী ও প্রভাবশালীদের প্রাধান্য দেয়া হয়। অধ্যক্ষ সব সময় শিক্ষার্থীদেরকে ধমক দিয়ে কথা বলেন এবং অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি মামলা মোকদ্দমারও হুমকি দেন। এছাড়াও ভর্তিক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করা হয়। শিক্ষার্থীরা ইউএনও’র নিকট এসব সমস্যার সমাধান ও দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে সুদৃষ্টি কামনা করেন।
জগন্নাথপুর ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ আবদুর নুর বলেন, ষান্মাষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পাশ করিয়ে না দেয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জানান, আমি এখন অফিসের বাইরে। শিক্ষার্থীদের অভিযোগপত্রের বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখব।