- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুর পৌরশহর – একমাত্র ড্রেন ভরাট করছে কে- কর্তৃপক্ষ জানে না!

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের পানি নিস্কাশনের জন্য নির্মিত ড্রেন পৌর কর্তৃপক্ষ ভরাট করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পৌর কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছেন। পানি নিস্কাংশনের ড্রেন কারা বন্ধ করে দিচ্ছে তাও জানা নেই কর্তৃপক্ষের।
জানা যায়, ১৯৯৯ সালে জগন্নাথপুর পৌরসভা গঠন করা হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পানি নিস্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে কোন সংষ্কার না হওয়ায় ময়লা আবর্জনা ভরে ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। ড্রেনের ওপরের স্লাব ভেঙ্গে যাওয়া ও রক্ষণাবেক্ষণ না থাকায় সামান্য বৃষ্টি হলে পানি নিস্কাশন না হয়ে উক্ত সড়কে পানি জমে থাকে। জলমগ্ন হয়ে পড়ে শহর। এছাড়া ড্রেনটির ময়লা আর্বজনা সড়কে ছড়িয়ে পড়ছে। আর এতে করে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে নাগরিক স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি পৌরসভার উদ্যোগে পৌর কার্যালয়ের সামনের জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া একমাত্র ড্রেনটি ভরাট করে দেয়া হচ্ছে। ইতিমধ্যে পৌর পয়েন্টস্থ বকুল ষ্টোরের নিকটবর্তী স্থানে ড্রেনের বেশ কিছু অংশ ভরাট হয়ে গেছে। ফলে জলাবদ্ধতা মারাত্মক আকারে দেখা দিয়েছে।
পৌরশহরের ব্যবসায়ী বকুল গোপ বলেন, শহরের পানি নিস্কাশনের প্রধান ড্রেনটির কিছু অংশ পৌরসভার লোকজন কয়েকদিন আগে ভরাট করেছে। এতে সামান্য বৃষ্টিতে  জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করছে।
এম আর স্টোর’র স্বত্তাধিকারী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান বলেন, ড্রেনেজ
 ব্যবস্থা সচল না করে উল্টো কর্তৃপক্ষে ড্রেনটি ভরাট করে দিচ্ছে। এতে করে নগরবাসিকে চরম দুর্ভোগে পড়তে হবে।
ড্রেনটি ভরাট কেন করা হচ্ছে এ প্রসঙ্গে র জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করে বলেন, ড্রেনটি কারা ভরাট করছে আমার জানা নেই।

  • [১]