জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটিতে সংস্কার কাজ না হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলার লাখো মানুষ । সড়কে এখন সংস্কার কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে উপজেলাবাসীর মধ্যে।
এলাকাবাসী জানান, জগন্নাথপুরবাসী বিভাগীয় শহর সিলেটের সঙ্গে সরসারি যোগাযোগের একমাত্র সড়ক হচ্ছে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়ক। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় ওই সড়ক দিয়ে। সড়কের জগন্নাথপুর থেকে কেউনবাড়ি অংশ পর্যন্ত ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন কোন সংস্কার কাজ না হওয়ায় দিন দিন রাস্তার পিচ উঠে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে।
জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী যাত্রী বকুল গোপ জানান, গুরুত্বপূর্ণ ওই সড়কটিতে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অবশেষে সড়কটিতে সংস্কার কাজ শুরু হওয়ায় এখন স্বস্তি পাচ্ছি ।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জগন্নাথপুর-বিশ্বনাথ- রশিদপুর সড়কে নির্মাণ কাজে দুই কোটি ২২ লাখ টাকা বরাদ্দ হয়েছে। সড়কে সংস্কার কাজ চলছে। আশা করছি দুই মাসের মধ্যে কাজ শেষ হবে।