স্টাফ রিপোর্টার
পৌর শহরের জগন্নাথবাড়ি বাজার সড়কের পাশের ড্রেনের উপর দোকানীদের অবৈধ দখল উচ্ছেদ করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার চার কাউন্সিলরের উপস্থিতিতে বুধবার মধ্যরাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবাবিল নুর, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহসান জামিল আনাছ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী।
কাউন্সিলর আহসান জামিল আনাছ বলেন, বৃষ্টি হলে পানি জমে এই বাজারের সড়কে মানুষ চলাচল করতে পারে না। এই সমস্যা সমাধান করতে এসে দেখি পৌরসভার ড্রেন দখল করে দোকানিরা ব্যবসা করছেন। ড্রেন স্ল্যাবের উপর পানি যাওয়ার যে ছিদ্র সেটা ঢালাই করে বন্ধ করে দেয়া হয়েছে। তাই পানি যেতে পারছিল না। আমরা এসব অবৈধ দখল উচ্ছেদ শুরু করেছি। পাশাপাশি এই সড়ককে আরও প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
সামিনা চৌধুরী মনি বলেন, অপরিকল্পিতভাবে ড্রেনকে দোকানের ভিতরে ঢুকানো হয়েছে। যার কারণে ভোক্তা এবং দোকানী সবাই ভুগছিলেন। দোকানীদের সহযোগিতায় আমরা আবার তা বের করতে সক্ষম হয়েছি।
আবাবিল নুর বলেন, সব ব্যবসায়ীরা আমাদের আপনজন। তাই অনেক সময় চাইলেও কিছু করা যায় না। আর কোনো ব্যবসায়ী সড়ক দখল করে ব্যবসা করতে পারবে না। আমরা একটি টিম গঠন করবো বাজার মনিটরিং করার জন্য। যারা আইন মানবে না ব্যবস্থা নেয়া হবে।
চঞ্চল কুমার লৌহ বলেন, গত কয়েকদিন আগে নদীর পানি কম থাকার পরেও বৃষ্টিতে বাজারে হাঁটু পানি লেগে গিয়েছিল। ২০ বছর আগে নির্মিত ছোট ড্রেনের এখনের পানি যাওয়ার সক্ষমতা নেই। নির্মাণ হওয়ার পরে আর পরিষ্কারও করা হয়নি। আমরা পরিষ্কার করছি এবং অবৈধ দখল উচ্ছেদ করছি।