- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথবাড়ি সড়কের কাজ হয়নি ১৫ বছরেও

স্টাফ রিপোর্টার
শহরের জগন্নাথবাড়ি এলাকায় রয়েছে সড়কের দুইপাশে শত শত দোকানপাট। ব্যবসায়ীদের দোকানে প্রতিদিন হাজার হাজার ক্রেতার সমাগম হয়। একমাত্র সড়ক দিয়ে চলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আসা-যাওয়া। এই ব্যস্ততম সড়কে সংস্কার কাজ হয়নি দীর্ঘ ১৫ বছরেও। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে সড়ক সংস্কারের দাবি ব্যবসায়ীদের। শহরের পুরাতন ব্যবসায়ীদের এক অংশের বাজার জগন্নাথবাড়ি এলাকায়। প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয়। বছরের ১২ মাস সড়কটি ভেজা ও স্যাঁতস্যাঁতে থাকে। বৃষ্টি হলে কাদার সৃষ্টি হয় সড়কে। তখন চামড়ার জুতা পরে কেউ এই সড়কে চলাচল করতে চাননা। সুরমা মার্কেটের চৌমুহনী এলাকা থেকে মিউনিসিপ্যাল মার্কেট হয়ে কিচেন মার্কেটের কর্ণার পর্যন্ত আরসিসি ঢালাইয়ের ভেঙে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয় প্রতিনিয়ত। এ ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা সড়কের উপর ফেলা হয়। এই সড়ক ময়লা আবর্জনায় অপরিচ্ছন্ন থাকে সব সময়। জগন্নাথবাড়ি এলাকার সড়ক দ্রুত সংস্কার ও পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে দেয়ার দাবি একাধিক ব্যবসায়ীর।
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে জন্নাথবাড়ি সড়কের উন্নয়ন কাজ হয়নি। এই কারণে ক্রেতাদের যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি ব্যবসায়ীদেরও ভোগান্তি বেড়েছে। সড়কের দ্রুত উন্নয়ন কাজ করে ময়লা আবর্জনা ফেলার সুনির্দিষ্ট ব্যবস্থা করার দাবি আমাদের।
জগন্নাথবাড়ি এলাকায় বাজার করতে আসা ক্রেতা জহির উদ্দিন বলেন, মনে হয় নির্বাচনের আগে এই সড়কের কাজ আর হবে না। মানুষের ভোগান্তির বিষয় সকলের জানা। এরপরও যখন অবহেলা করা হচ্ছে। তাই ভোগান্তিতে থাকতে হবে সকলে।
রহিম উদ্দিন বলেন, জগন্নাথবাড়ির সড়ক একটি অবহেলিত সড়ক। দীর্ঘ পনের বছরেও কাজ হয়নি। আমরা ভোগান্তিতে আছি। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে দ্রুত সংস্কার কাজ প্রয়োজন।
পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, পৌর নির্বাচনের পরে এই সড়কের উন্নয়ন কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে। দরপত্র আহ্বানের পর ঠিকাদার নিয়োগ হবে। এরপর জগন্নাথবাড়ি সড়কের কাজ বাস্তবায়ন করা হবে।

  • [১]