- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জঙ্গি হামলা: বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে মতবিনিময় শনিবার

সু.খবর ডেস্ক
সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের (ভিসি) সঙ্গে মতবিনিময় সভা করবে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শনিবার বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সিনিয়র শিক্ষক এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হবে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসব হামলায় একাধিক বিশ্ববিদ্যালয় ছাত্রদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে জঙ্গি বিরোধী কর্মসূচির অংশ হিসেবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষদের নিয়ে সচেতনতামূলক সভার উদ্যোগ নেয় সরকার। অধিভূক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে গত ২১ জুলাই রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ’ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই স্থানে গত ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

  • [১]