ইয়াকুব শাহরিয়ার
ধারাবাহিক জঙ্গী হামলার ঘটানায় সারা দেশের মানুষ এখন জঙ্গী আতঙ্কে ভোগছেন। দেশের বিভিন্ন জেলা কিংবা বিভাগীয় শহরে জঙ্গী হামলার ঘটনা ঘটলে বা এদের আস্তানার খবর পাওয়া গেলেও আতঙ্ক ছড়িয়েছে মফস্বল শহর কিংবা গ্রামেও। জঙ্গিরা নিজের নাম পরিচয় গোপন রেখে বাসা ভাড়া নিয়ে ‘সিলেটের আতিয়া মহল ট্রেজেডির’ মতো জঙ্গী কর্মতৎপরতা চালাচ্ছে সারা দেশে। তাই মফস্বল শহরের কিংবা গ্রামের ভাড়াটেদের কাছ থেকেও ফরম পূরণ করিয়ে নিচ্ছেন বাসা বাড়ির মালিকেরা। গচ্ছিত রাখছেন সম্পূর্ণ পরিবারের ফটো ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপিও।
এজন্য দক্ষিণ সুনামগঞ্জের বাসা মালিকেরাও সতর্কতা অবলম্বন করছেন। যারা বাসায় ভাড়াটিয়া তুলছেন তারা প্রত্যেকেই চেষ্টা করছেন প্রত্যেক ভাড়াটে পরিবারের কাছ থেকে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে এবং দক্ষিণ সুনামগঞ্জ থানায় এসব কাগজপত্রের কপি পৌঁছাতে। ইতোমধ্যে কেউ কেউ জোর তাগিদ দিয়ে তথ্য সংগ্রহ করে নিয়েছেন। থানায় না পৌঁছালেও নিজেদের কাছে রেখে দিয়েছেন। তবে তারা বলছেন বাকী কিছু ফরম সংগ্রহের কাজ করছেন, তাড়াতাড়ি সংগ্রহ করে তথ্যগুলো থানায় দিয়ে দেবেন।
সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার
পাগলা বাজারে একটি লাইব্রেরিতে দেখা যায়, ভাড়াটেদের স্থায়ী ঠিকানা, চাকরিস্থল ও পেশার ধরণসহ আরো কয়েকটি গ্রহণযোগ্য তথ্য সম্বলিত সতেরোটি মূল ফরম ফটোস্ট্যাট করছেন জুলেখা মঞ্জিলের মালিক শাহাব উদ্দিন।
তিনি জানান সারা দেশে জঙ্গীরা যেভাবে বিস্তার করেছে তা সত্যিই উদ্বেগ প্রকাশ করার বিষয়। আমার বাসায় যে জঙ্গীরা ভাড়াটে সেজে আশ্রয় নেবে না তার নিশ্চয়তা কোথায়? তাই আমি এ সতর্কতা অবলম্বন করেছি। থানা থেকেও আমাকে বলা হয়েছে। আমার বিল্ডিংয়ে বিশটির মধ্যে সতেরোটি বাসার তথ্য সংগ্রহ করেছি। বাকীগুলো সংগ্রহ করে এককপি করে তথ্য থানায় পৌঁছে দেবো।
উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার হাজি আবদুল লতিফ কালা শাহ্ জানান- আমার বিল্ডিংয়ে যেসব ভাড়াটিয়ারা থাকেন দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তথ্য সংগ্রহ করে করেছি। কোনো জঙ্গি বা অন্য যেকোনো অপরাধীরা যেনো ছদ্মবেশে আশ্রয় নিয়ে অপরপর না করতে পারে এজন্য এ সতর্কতা অবলম্বন করেছি।
পূবালী ব্যাংক, পাগলা বাজার শাখার ব্যবস্থাপক মিঠুন কুমার দাশ বলেন শুধুমাত্র জঙ্গী আতঙ্কের জন্য ভাড়াটেদের তথ্য সংগ্রহ করতে হবে তা নয়, সব সময়ের জন্য এ তথ্য নেওয়া দরকার। যেন জঙ্গীবাদসহ অন্য সব অপরাধ করতে না পারে। তথ্য নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা জাতীয় পরিচয়পত্র জমা দেন তাদের পরিচয়পত্র সঠিক কি না তা যাচাই করা দরকার। একজন ভাড়াটে হিসাবে আমাদের সকলের উচিৎ সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন আমরা বাড়ির মালিকদের বলছি, যদি নতুন ভাড়াটে আসে তাদের তথ্য দিতে। আর যারা আছেন তাদের তথ্যও দিতে বলেছি।