স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে জনতা ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার গাছের চারা বিতরণ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী এই কর্মসূচি পালন করছে জনতা ব্যাংক।
জনতা ব্যাংক সুনামগঞ্জ করপোরেট শাখার উদ্যোগে সকালে সুনামগঞ্জ পৌর শহরের লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়। এ সময় সাবেক সাংসদ দেওয়ান শামছুল আবেদীন, জনতা ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহাদাত হোসেন সরকার, সুনামগঞ্জ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রনজিত লাল সোম, জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শামসুল হক, লবজান চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া একই সময় সুনামগঞ্জের ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, শান্তিগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়, হাজী লাল মাহমুদ উচ্চবিদ্যালয়, ডুংরিয়া উচ্চবিদ্যালয় ও কলেজ, পাগলা উচ্চবিদ্যালয় ও কলেজ, আবদুল আহাদ সহিদা চৌধুরী উচ্চবিদ্যালয়, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চবিদ্যালয়, বুলচান্দ উচ্চবিদ্যালয় ও হাজী আক্রম আলী মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে গাছের চারা তুলে দেন জনতা ব্যাংকের কর্মকর্তারা।