স্টাফ রিপোর্টার
উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের বর্ধিত সম্মানী ছাড়করণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে স্বাক্ষাৎ করে তিনি এ দাবি তুলে ধরেন। দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশ্বস্ত করেন।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগীয় সভাপতি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদও বিষয়টি জরুরিভিত্তিতে বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন-এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জনপ্রতিনিধিদের এই দাবি জানানোর জন্য অর্থমন্ত্রীর সাথে স্বাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান শামছুল হক টুনু, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান অ্যাড. আফছর খান, বাসস সিলেট জেলা ব্যুরো চিফ মকসুদ আহমদ মকসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এছাড়াও অর্থমন্ত্রীর কাছে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে জড়াজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অর্ধডজন সেতু দ্রুত নির্মাণসহ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানিয়েছেন। দাবির প্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমস্যা সমাধানের সুপারিশ করবেন আশ্বস্ত করেন।