লিপসন আহমেদ
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেছেন, ‘প্রত্যেক ইউনিয়ন এলাকার নেতৃত্ব আপনাদের হাতে। আমরা ডিসি, এসপি, বা আমরা যারা সদরে থাকি যাই বলি না কেন, মূলত এলাকার নেতৃত্ব হচ্ছে আপনাদের কাছেই। জনপ্রতিনিধিরা হচ্ছেন এলাকার প্রাণ। আপনাদের ঘিরেই সকল উন্নয়ন কর্মকান্ড সম্পাদিত হয়। এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মত আপনারাও কঠিন দায়িত্ব পালন করছেন। সে জন্য আমি পুলিশ প্রশাসনের পক্ষে থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে জনপ্রতিনিধিদের সহযোগিতা পুলিশকে অভিষ্ট লক্ষে পৌঁছতে সহায়তা করবে।
তৃণমূল পর্যায়ে জনগণ ও পুলিশের মাঝে সমন্বয় সাধন এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ৮৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভায় পুলিশ সুপার বরকতুল্লা খান এসব কথা বলেন।
সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ লাইন মিলনায়তনে সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় রায়, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, দক্ষিণ সুনামগঞ্জর উপজেলার শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জগন্নাথপুর উপজেলার পাইকড়হাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসেদ আলী, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ৬নং তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, জগন্নাথপুর ২নং পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, শাল্লা ১নং আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দোয়ারাবাজার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মো. আমিরুল হক, দিরাই উপজেলার জগদল ইউপি চেয়ারম্যান শিবলী বেগম, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার প্রমুখ।