- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখা জরুরি

স্বাস্থ্য প্রতিমন্ত্রী মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ১০ লাখ। এটি আদমশুমারির কোন ফলাফল নয়। গত আদমশুমারির আলোকে জনসংখ্যা বৃদ্ধির হারকে গণনায় নিয়েই সম্ভবত স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনসংখ্যার এই তথ্য পরিবেশন করেছেন। তাঁর দেয়া তথ্য মোতাবেক এই জনসংখ্যার শতকরা ৩১ ভাগ তরুণ প্রজন্ম এবং বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ। বৃদ্ধির এই হার বজায় থাকলে প্রতি ৪০ বছরে দেশের জনসংখ্যা দ্বিগুণ হবে। জনসংখ্যা বৃদ্ধির হারকে ক্রমাগত কমিয়ে শূন্য অবস্থানে নিয়ে আসার জন্য ষাটের দশকে এই অঞ্চলে জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়েছিল। এই কর্মসূচীর সুফলও মিলেছিল। কিন্তু গত দুই বা তিন দশক ধরে পরিবার পরিকল্পনা কার্যক্রম কিংবা জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচী বাস্তবায়নে আমরা এক ধরনের শিথিলতা দেখে আসছি। এই সুযোগে বিশেষ করে গ্রামের অল্প শিক্ষিত পরিবারে জনসংখ্যা বৃদ্ধির সূচকটি আবারও উর্দ্ধমুখী হতে শুরু করেছে। জনসংখ্যা পিরামিডে তরুণ জনগোষ্ঠীর আধিক্য আমাদেরকে আহ্লাদিত করেছিল এই ভেবে যে, কর্মক্ষম জনশক্তি আমাদের জাতীয় প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। কিন্তু এটি ভেবে দেখা হয়নি যে, এই বিপুল জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে রাষ্ট্র ব্যবস্থা সক্ষমতা অর্জন করেছে কিনা। দেশের তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ গার্মেন্টস সেক্টর আরেকটি বড় অংশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেলেও উপযুক্ত কর্মসংস্থানে বাইরে রয়ে গেছে এখনও তরুণ সমাজের একটি বড় অংশ। এই কর্মহীন তরুণ সম্প্রদায় নানা অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে সামাজিক শৃঙ্খলা নষ্ট করে। এরা কাজে ও চিন্তায় বিভ্রান্ত হয়। তাই জনশক্তিকে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে বর্ধিত জনসংখ্যা রাষ্ট্রের উপর সিন্ধবাদের ভূতের মতো চেপে বসারও আশঙ্কা থাকে। আরেকটি জিনিস চিন্তার বিষয়, এই তরুণ জনগোষ্ঠিিট একটা সময়ে বয়স্ক গোষ্ঠীতে পরিণত হবে। তখন জনসংখ্যা পিরামিডটি আবারও উল্টে যাবে। সুতরাং সবসময়ই জনসংখ্যার ক্ষেত্রে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত অবস্থা বজায় রাখা গেলেই মঙ্গলজনক।
আমাদের ভৌগোলিক সীমানা সীমিত। জনঘনত্বের দিক থেকে আমরা বিশ্বের মধ্যে প্রথম। বর্তমান জনগোষ্ঠীর বাসস্থান, কাজ, শিক্ষা ও খাদ্যের সংস্থান করাটাই কঠিন বিষয়, এর উপর দুই দশমিক তিন শতাংশ হারে যে নতুন মানুষ এতে এসে যুক্ত হয়ে চাপ বাড়াচ্ছে তা সামাল দেয়া কী উপায়ে সম্ভব সেটি ভাবার বিষয় বটে। আমরা মনে করি জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গতিশীলতা বাড়ানো একান্ত অপরিহার্য। আমাদের সামাজিক ব্যবস্থায় এখনও নানা ধরনের ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অপসংস্কার, ভুল বিশ্বাস বিশালভাবে শিকড় গেঁড়ে বসে আছে। মানুষ নিজের সচেতনতার মাধ্যমে সকলেই নিজেদের পরিবারকে নিয়ন্ত্রিত রাখবেন এ ধরনের অবস্থায় আমরা পৌঁছিনি। তাই  এখানে সরকারি কর্মসূচীর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। নতুবা একটি ভয়াল ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষমাণ রয়েছে নিঃসন্দেহে।
দেশে সরকারি সংস্থার বাইরেও বহু বেসরকারি সংস্থা কাজ করছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে ব্যাপকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজে লাগানোর সুযোগ ও সম্ভাবনা রয়েছে। সরকারকে অবশ্যই উদাসীনতা ঝেড়ে এখনই কাজে লেগে পড়তে হবে। গ্রামাঞ্চলে এই কর্মসূচীর বিস্তৃতি ঘটাতে হবে। বাড়ি বাড়ি যেয়েই উদ্বুদ্ধকরণ, সচেতনতা বৃদ্ধি ও উপকরণ সরবরাহের কাজগুলো করতে হবে। মহিলারা আগের চাইতে অনেক বেশি মুক্ত অবস্থানে রয়েছেন এখন। তাই এই কর্মসূচীর বিস্তার ঘটাতে এখন অনেক অনুকূল পরিবেশ পাওয়া যাবে।
আমাদের ছোট্ট দেশটিকে মানুষের বসবাসযোগ্য হিসাবে ধরে রাখতেই আমরা পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের আশু মনোযোগ কামনা করি।

  • [১]