- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জন্মশতবর্ষের কাউন্টডাউন শুরু আজ

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ শুক্রবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে আজ বিকেলে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের কাউন্টডাউন অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও সকল পাবলিক প্লেসে একইসঙ্গে কাউন্টডাউন শুরু হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন স্বদেশের বুকে ফিরে আসেন। যেহেতু ১০ জানুয়ারি ঐতিহাসিক দিন, তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন এই ঐতিহাসিক দিনেই শুরু হচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য র‌্যালি, জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসনের আয়োজনে আজ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে দেশব্যাপী একযোগে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সরাসরি সম্প্রচার করা হবে। এরপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
জন্মবার্ষিকী উদযাপনে জনগণের সামনে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম উপস্থাপন এবং উন্নয়ন কার্যক্রম এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ নির্মাণের জন্য পরিসেবাগুলো তুলে ধরা হবে।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বছর পূর্ণ হবে। বাংলাদেশ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্ম শতবর্ষ উদযাপন করবে।

  • [১]