বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে অনিয়মের মাধ্যমে জন্ম, মৃত্যু, নিবন্ধন ও হোল্ডিং ট্যাক্স প্রদানে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে ফতেপুর ইউনিয়ন পরিষদের সামনে সাতগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তব্য দেন শেখ দেলোয়ার হোসেন দিলু মাস্টার, বাগুয়া গ্রামের হাফেজ আব্দুল হাবিজ, আব্দুল খালেক, বসন্তপুর গ্রামের আব্দুল মালেক, রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল শাহেদ, সাহাপুর গ্রামের আশরাফুল ইসলাম, শেখ শাহজাহান, খিরধরপুর গ্রামের নুর আহমদ, অনন্তপুর ধাওয়া গ্রামের আব্দুল আজিজ, আলমা ডহর গ্রামের কমর উদ্দিন, আলমগীর হোসেন, রাজনগর গ্রামের হেমেন্দ্র দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ১—৫ বছরের শিশুদের জন্য ৫০ টাকা সরকারিভাবে ধার্য হলেও নেওয়া হচ্ছে ১২০ বা তারচেয়ে বেশি টাকা।
এ বিষয়ে জানতে ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের মুঠোফোনে অসংখ্যবার কল করা হলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।