- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মাঝাইর গ্রামের এক নিরীহ পরিবারের রেকর্ডীয় জমি পলাশ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অবৈধভাবে জোরপূর্বক দখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়া এলাকায় এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে জমির মালিক তপন চন্দ্র দাশ জানান, তফশীল বর্ণিত ভূমি মৌজা মাঝাইর জে.এল নম্বর-৬, এস.এ খতিয়ান নম্বর-২৬৩ ও ১১৮, এস.এ দাগ নম্বর-১০৩২ ও ১০৩৩, শ্রেণী চারা ও ছনখলা, পরিমাণ ২৮ ও ১২ শতাংশ। মোট ৪০ শতাংশ জমির মালিক তারা ৪ ভাই। গত স্যাটেলমেন্ট জরীপে তাদের অনুকূলে রেকর্ড দেয়া হয়েছে। রেকর্ড দেয়ার পর পলাশ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কৌশলে বিনা কাগজে তাদের রেকর্ডীয় জমি অবৈধভাবে বিদ্যালয় মাঠের আওতাভুক্ত করে জোর দখল করে নেয়। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদনও করেন তারা। কিন্তু কোনো সাড়া পাননি। সংবাদ সম্মেলনে তাদের রেকর্ডীয় জমি উদ্ধারে স্থানীয় প্রশাসনকে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর আলী বলেন, দেশ স্বাধীনের আগে জনস্বার্থে বিদ্যালয় মাঠের নামে জায়গাটি তপন চন্দ্র দাশের বাবা ঠাকুরমণি দাশ দান করে গেছেন, এ সময় আরও অনেকে দান করেছেন। এই বিষয়টি আমি শুনেছি। এবারের স্যাটেলমেন্টের সময় বিদ্যালয়ের নামে রেকর্ড করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, এই বিষয়ে আমার কাছে কেউ লিখিত আবেদন করেছে বলে মনে হয় না। তবে আমি এ বিষয়টি শুনেছি। যদি কেউ আবেদন করে এবং তাদের জমি ফিরিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ থাকে। তবে অবশ্যই তা করে দেবো। অন্যতায় জমির মালিক রেকর্ড সংশোধনের মামলা করতে হবে আদালতে।

  • [১]