- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জমে উঠেছে জামালগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন

বিন্দু তালুকদার
জমে উঠেছে জামালগঞ্জ সদর ও উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন। তফসিল ঘোষণার পর পরই প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। একটি ইউনিয়ন ভেঙ্গে দুইটি ইউনিয়ন করায় সুরমা নদীর দুই তীরের মানুষ পৃথকভাবে চেয়ারম্যান পাবেন। তাই এবারের নির্বাচনে প্রার্থীও হয়েছে বেশী। প্রার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা।
তবে স্থানীয় সরকারের সবর্শেষ এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সাথে একাধিক বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিয়তায় রয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রীয়ভাবে দলীয় প্রার্থী ঘোষণা করলেও স্থানীয়ভাবে দল সমর্থক ও দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়ছেন।
জামালগঞ্জ সদর ও জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। যদিও দলীয় প্রার্থীরা দাবি       
করেছেন দল থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হয়নি। দল তাদের সাথেই রয়েছে। দলের নেতাকর্মী ও সমর্থকরা সতর্স্ফুতভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। বিদ্রোহী প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না।
জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক জামিল আহমদ জুয়েল। চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ইউপি সদস্যা সদর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, আওয়ামী লীগের দায়িত্বশলী পদে না থাকলেও আওয়ামী লীগ সমর্থক আবুল কালাম আজাদ ও যুব লীগ সমর্থক কামাল হোসেন । এই ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মতিন। দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিএনপির সমর্থক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুল আলম ঝুনু মিয়ার ছেলে সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদ।
নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার।
বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য আলী আক্কাস মুরাদ। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থক সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম।
তবে চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম বলেছেন,‘আমি কোন দলের প্রার্থী নই। আমি সকল শ্রেণী পেশার লোকজনের ও জনগণের প্রার্থী। সকল শ্রেণীর ভোটার আমার সাথে আছেন।’
জামালগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদারের সাথে কথা বলতে তার ব্যক্তিগত মোবাইল ফোনে বেশ কয়েকবার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি।  
জামালগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিদ বলেন,‘ আমি বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমাকে মনোনয়ন দেয়া হয়নি। এখন সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি।’
সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,‘আমি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নই। আমাকে এলাকার কালাগুজা, কাশীপুর, সংবাদপুর, লালপুর, গুচ্ছগ্রাম ও ইউসুফনগরসহ ৫ গ্রামের লোকজন একক প্রার্থী করেছেন। ওই পাঁচ গ্রামের সর্বস্তরের ভোটারের সমর্থনে ও উৎসাহে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।’ চেয়ারম্যান প্রার্থী শারমিন সুলতানা বলেন,‘ চেয়ারম্যান প্রার্থী বাছাই সঠিকভাবে হয়নি। এককভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। নারী অধিকার বাস্তবায়নে একজন নারী প্রার্থী হিসেবে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি নির্বাচন করব, সাধারণ মানুষ আমার সাথে আছেন।’
জামালগঞ্জ সদর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন বলেন,‘ আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মনোনীত দলীয় প্রার্থী। দীর্ঘ দিন ধরে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তৃণমূল বিএনপির মতামতের ভিত্তিতে কেন্দ্র থেকে আমাকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর থেকেই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা আমার সাথে প্রচার প্রচারণায় আছেন। আশা চেয়ারম্যান পদে আমি বিজয়ী হব। ’
জামালগঞ্জ উত্তর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আলী আক্কাস মুরাদ বলেন,‘ জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলের প্রার্থী, এর বাইরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির কেউ নন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমার সাথে রয়েছেন। নির্বাচনে আমি বিজয়ী হব।’  
জামালগঞ্জ সদর ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জামিল আহমদ জুয়েল বলেন,‘ সদর ইউনিয়নে আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা আমার সাথে আছেন। সবাই দিন রাত পরিশ্রম করছেন। এর বাইরে দলের কোন নেতাকর্মী চেয়ারম্যান পদে প্রার্থী নয়। সদর ইউনিয়নে বঙ্গবন্ধুর নৌকার বিজয় সুনিশ্চিত। ’
জামালগঞ্জ উত্তর ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম নবী হোসেন বলেন,‘ আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের ও জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের সকল নেতাকর্মীরা আমার সাথে আছেন। নির্বাচনে দলের কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলে এই বিষয়টি উপজেলা , জেলা এবং কেন্দ্র দেখবেন। ’
উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী বলেন,‘ আমাদের দলীয় প্রার্থী আব্দুল মতিন ও আলী আক্কাস মুরাদ। এর বাইরে দলের নেতাকর্মী হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় মনোনয়ন প্রত্যাহারের জন্য আমরা তাদেরকে অনুরোধ করব। যদি কেউ প্রত্যাহার না করে তাহলে বিষয়টি কেন্দ্রকে অবগত করা হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন,‘ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই সদরে জুয়েল ও উত্তরে নবী হোসেনকে দলীয় প্রার্থী করা হয়েছে। বিদ্রোহী প্রার্থী মোবারক আলী তালুকদারকে আমরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ অনুরোধ করব দলের প্রার্থীর পক্ষে তার মনোনয়ন প্রত্যাহার করতে। যদি আমাদের অনুরোধ না শুনেন তাহলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]