- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জলবায়ু তহবিলের স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সনাকের সমাবেশ

স্টাফ রিপোর্টার
জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে গতকাল রোববার সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। আগামি ৬-১৭ নভেম্বর জার্মানিতে অনুষ্ঠেয় ২৩তম জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এই সমাবেশ করে টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটি (সনাক)।
সুনামগঞ্জ সনাকের সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সনাক সদস্য ও প্রবীণ শিক্ষক ধূর্জটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সনাক সদস্য নুরুর রব চৌধুরী, এনামুল হক চৌধুরী, নির্মল ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, শিক্ষক কানিজ সুলতানা, সনাক সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, টিআইবির স্বজন সদস্য মো. রাজু আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যার জন্য উন্নত দেশগুলো দায়ী। কিন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্পোন্নত দেশগুলো। ক্ষয়ক্ষতির পরিমাণ দিনদিন বাড়ছে। ১৯৯২ সালের রিও কনভেনশনে ‘দূষণকারী কর্তৃক পরিশোধনযোগ্য’ নীতির আওতায় উন্নত দেশগুলো ঝুঁকিতে থাকা স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রয়োজনীয়       তহবিল যোগানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করছে না। এ জন্য তাদের বাধ্য করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যে তহবিল গঠিত হয়েছে সেটির সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিত করতে না পারলে ঝূঁকি মোকাবিলার পরিবর্তে সেটি আরও বাড়বে।

  • [১]