স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে সকলকেই ভাবতে হবে। পরিবেশ বিপর্যয় ও জলবায়ুর পরিবর্তনের কারণে বঙ্গোপসাগর থেকে লবনাক্ত পানি এখন নাটোর পর্যন্ত চলে এসেছে। দক্ষিণের এই লবনাক্ত পানি উত্তরের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে আমাদের মিঠা পানি হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আজকাল অনেক শিক্ষিত মানুষ পরিবেশ দূষণ করে চলেছেন। মানুষ এখনও ক্লিনিক্যাল বর্জ্য, ইটের ভাটার ধোঁয়া, বাসা বাড়ির বর্জ্য, মরা-পঁচা পুকুর বা নদীতে ফেলে দেন। এটা সচেতনতার
অভাব। এইসব কারণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছি আমরা।
তিনি আরও বলেন, ‘আগেকার দিনে আমরা পুকুরের পানি নদীর পানি ব্যবহার করতাম। এই পানি ব্যবহার করায় জটিল কোনো রোগে আক্রান্ত হতো না কেউ। এরপর নলকূপের পানি ব্যবহার করতাম। এখন প্রায় স্থানে নলকূপের পানিতে আর্সেনিক ধরা পড়ছে। আর্সেনিকযুক্ত পানি পান করে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। এমন আরও ভয়াবহ রোগেও আক্রান্ত হতে দেখা যায়। পরিবেশ সুরক্ষা না করার কারণে দিনে দিনে পরিবেশের বিপর্যয় ঘটছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে, মানুষের জীবন জীবীকায় ঝুঁকি বাড়ছে, এটা সবারই বুঝতে হবে। কিন্তু তবুও সচেতনতার অভাব রয়েছে আমাদের মাঝে। আমাদের সকলের সচেতনতা বাড়াতে হবে।’ মঙ্গলবার সকালে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক রিলিফের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রতিবেদন প্রস্তুতে সাংবাদিকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশিক্ষণ কর্মশালায় মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক রিলিফের সুনামগঞ্জ জেলা প্রকল্প ব্যবস্থাপক এস.এম. রফিকুল ইসলাম, কার্যক্রমের উপস্থাপনা করেন সংস্থার অ্যাডভোকেসি ও কমিউনিকেন্স সমন্বয়কারী সফিউল আযম। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পংকজ দে, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।