আকবর হোসেন, জামালগঞ্জ
জলমহালের ইজারাদার আওয়ামীলীগ নেতার হাতে জামালগঞ্জের ৪ কিশোর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গুলির ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জামালগঞ্জের শেষ সীমানা বেহেলীর ইসলামপুরের কিছু)লোক ঠেলা জাল দিয়ে শনির হাওরের বোইগ্যানী বিলের পাড়ে মাছ ধরতে গেলে ইজারাদারের লোকজন তাদের লক্ষ করে গুলি ছুঁড়ে। এতে ৪ কিশোর আহত হয়। বোইগ্যানী বিলের ইজারাদার তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের
নেতা শফিকুল ইসলাম। আহত সকলেরই কারো শরীরে, কারো পেটে, কারো মাথায় গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধরা হলো উপজেলার বেহেলী ইউনিয়নের শনির হাওরের পাড়ের ইসলামপুরের বাসিন্দা আবু সামাদের ছেলে গোলাপ মিয়া(২৪), জম্মাত মিয়ার ছেলে রাসেল মিয়া (১৬), কামাল মিয়ার ছেলে মাহমুদ আলী (১৭), হারিছ মিয়ার ছেলে আলী নূর(২৫)। এই রির্পোট লেখা পর্যন্ত গুলিবিদ্ধদের জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছিল। জামালগঞ্জ থানার ওসি তদন্ত মোস্তফা কামাল জানান, এই মাত্র আপনার মাধ্যমে খবরটা পেলাম, হাসপাতালে গিয়ে খবর নিবো।