স্টাফ রিপোর্টার
নদ-নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদের চলমান কার্যক্রম এবং বেড়িবাঁধে আশ্রয় গ্রহণকারী হতদরিদ্র, নদী ভাঙ্গন কবলিত ভূমিহীনদের পুনর্বাসন বিষয়ে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার।
ভিডিও কনফারেন্সে তিনি মাসে কমপক্ষে ২ বার অভিযান চালানো, উচ্ছেদ কার্যক্রম বন্ধ না করা, মসজিদ/মন্দির/শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতার সাথে অভিযান পরিচালনা, হতদরিদ্র জনগণকে বিশেষভাবে নজরে নিয়ে পুর্নবাসন, হতদরিদ্র জনগণকে প্রয়োজনে আশ্রয়ণ/গুচ্ছগ্রাম/পুর্নবাসন তহবিলের মাধ্যমে পুনর্বাসন, উচ্ছেদকৃত জায়গায় ৫-১৫ ফুট উচ্চতা সম্পন্ন গাছের চারা লাগানো, কাটা তারের বেড়া দিয়া, সঠিকভাবে যাচাই-বাছাই না করা, নদী দূষণকারীদের তালিকা প্রস্তুত করা, উচ্ছেদ কার্যক্রম পরিচালনা শেষে প্রেস ব্রিফিং করার নির্দেশনা দেন।
এসময় তিনি আরো বলেন, গত ২৩ ডিসেম্বর, ২০১৯ তারিখে সারাদেশব্যাপী উচ্ছেদ অভিযানে মোট ৫১৩০টি স্থাপনা উচ্ছেদ করে ৫৬৬ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৫৫টি স্থাপনা উচ্ছেদ করে ৬.৪২২৪ একর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে।