সারাদেশে মোটামোটি ভালভাবেই পালিত হচ্ছে জাতীয় মৎস্যসপ্তাহ। জেলা ও উপজেলা পর্যায়ে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে মৎস্য অধিদপ্তর। মাছে ভাতে বাঙালির জন্য মৎস্য একটি গুরুত্বপূর্ণ বস্তু। মারিব মৎস্য খাইব সুখে এই দিন গত হয়েছে বহু আগে তবু প্রতিটি বাঙালি প্রতিদিন কামনা করেন তার পাতে যাতে অন্তত একটুকরো মাছ থাকে। এহেন মৎস্যপ্রিয় বাঙালিদের জীবনে মাছের কোন ঘাটতি ছিল না অর্ধ শতক পিছিয়ে গেলেই। ওই সময়ে কোন গ্রামীণ বাঙালি মাছ কিনতে হয় এমনতর ধারণার সাথে পরিচিত ছিলেন না (অল্প সংখ্যক বাবু-সাহেব শ্রেণির অভিজাত ব্যক্তি ছাড়া)। বাড়ির পুকুরে, ডুবায়, হাওরে গেলেই প্রচুর মাছ পাওয়া যেত। সুখে-শান্তিতেই ছিল সকলে। যে দিন গেছে সে দিন আর কি ফিরে পাওয়া যায়… গানের এই কথাটির মধ্যে যে হতাশা ও বেদনাবোধ জড়িত, মাছের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে সেটি সত্য। আজ জলাশয়ে নেই মাছ। হারিয়ে গেছে দেশীয় প্রজাতির বহু মাছ। জল জলাশয়ের দেশে আছ মিঠা পানির মাছের আকাল। চাষের মাছের উপর ক্রমাগত নির্ভরশীলতা বাড়ছে। অনুমিত হয় এমত ধারা আরও কয়েক বছর চালু থাকলে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ ইতিহাসের বিষয়বস্তুতে পরিণত হবে। তবে ওই করুণ অবস্থার মধ্যে যাতে জাতি নিপতিত না হন সেজন্যই জাতীয় মৎস্য দিবসের যাবতীয় আয়োজন।
এবার অকালে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ব্যাপক বাঁধ দুর্নীতির কারণে শতভাগ ফসল হানির প্রেক্ষাপটে একটি ইতিবাচক জিনিস অন্তত আমাদের নজরে এসেছে। সেটি হলো এবার বিভিন্ন জাতের দেশীয় মাছের পর্যাপ্ত ফলন হয়েছে। ধরা পড়ছে প্রচুর মাছ। বিশেষ করে আমরা যেগুলোকে ছোট মাছ বলি যেমনÑপুটি, টেংরা, চাপিলা ইত্যাদি মাছে সয়লাব দেখা গেছে বাজার হাট। অতীতে অনেক বছর এই জাতীয় মাছের এমন আধিক্য চোখে পড়ে নি। এবার তাহলে কেন এত বেশি মাছের দেখা মিলল? এলাকার লোকজন বলছেন মাছের ফলন বাড়ার পিছনে বিশেষ করে দুইটি কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অতীতে চৈত্র মাসে বিল জলাশয় যান্ত্রিকভাবে সেচে মাছের সর্বশেষ পোনাটি পর্যন্ত ধরে ফেলা হলো। ফাল্গুনের শেষ ভাগ থেকে হাওর ডুবি শুরু হওয়ায় বিল জলাশয়ের ইজারাদার বা অন্যরা এবার এই কাজটি করতে পারেন নি। অন্য কারণটি হলো পানিতে এমোনিয়া গ্যাসের প্রকোপে মাছ বিষাক্ত হয়ে পড়েছে এমন একটি ধারণার বশবর্তী হয়ে জেলা প্রশাসন এবার ২১ দিন মৎস্য আহরণ বন্ধ ঘোষণা করেছিলেন। এই ২১ দিন দৃশ্যত কোন মাছ ধরা হয় নি। এবারের মাছের অধিক ফলনের পিছনে এই দুইটি কারণ মুখ্যত প্রধান ভূমিকা রেখেছে। স্থানীয় লোকজনের অভিজ্ঞতাসঞ্জাত এই ধারণা যথেষ্ট যুক্তিসঙ্গত। এই অভিজ্ঞতা থেকে বলা যায়, সামান্য কয়েকটি ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়িত করলে অন্তত এই হাওরাঞ্চলে কখনও মিঠা পানির মাছের ঘাটতি হবে না। আইনেও বিধানগুলো রয়েছে। বিল জলাশয় সেচে মাছ ধরা এবং প্রজনন মৌসুমে মৎস্য আহরণ বন্ধ ও নলা মাছ আহরণ নিষিদ্ধ করতে পারলেই সুনামগঞ্জ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের মৎস্যজ আমিষের একটি বড় অংশের জোগান দিতে পারে। আজ যখন সারা দেশে মহাসমারোহে মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে তখন আমরা এই বিষয়টির প্রতি প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি। মৎস্য আহরণের সাথে জড়িত সকলে যাতে আইনের এই সুস্পষ্ট বিধানগুলি অনুসরণ করেন শুধু সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানাই জাতীয় মৎস্য সপ্তাহকে সামনে রেখে।