স্টাফ রিপোর্টার
শহরের জলিলপুর থেকে অপহৃত রিকশা চালকের শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ৭ দিন পর শনিবার গভীর রাতে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে তাকে।
উদ্ধারকৃত ওই শিশু শিক্ষার্থী পুলিশের কাছে জানিয়েছে অভিযুক্ত রবি মিয়া (তার বড় বোনের সাবেক স্বামী) তাকে অপহরণ করেছিল। পুলিশ ঘটনার সাথে জড়িত রবি মিয়াসহ সকল অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান শুরু করছে বলে জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার
মোহনপুর গ্রামের রবি মিয়া ৩ বছর আগে জলিলপুর গ্রামের অপহৃত ওই শিক্ষার্থীর বড় বোনকে বিয়ে করেছিল। পরে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। রবি মিয়ার সাবেক স্ত্রী অন্যত্র বিয়ে হয়ে যায়। ছাড়াছাড়ির ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য ছিল। এর জের ধরে রবি মিয়া গত ৭ মার্চ দুপুরে জলিলপুর গ্রামের কাছ থেকে গাড়ি দিয়ে তার সাবেক স্ত্রীর ছোট বোন ওই শিক্ষার্থীকে অপরহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা থানায় অপহরণ মামলা করে। এদিকে রবি মিয়া সাবেক স্ত্রীর ছোট বোনকে অপহরণ করে নিয়ে গিয়ে বিয়ে করার জন্য বার বার তাগিদ দিচ্ছিল। কিন্তু বিয়ে করতে রাজী হয় নি ওই শিক্ষার্থী। ঘটনার ৬ দিন পর রবি মিয়ার গ্রাম মোহনপুর থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়ার পর সে পুলিশকে জানিয়েছে অপহরণ করে তাকে বিয়ে করতে চাইছিল, তবে তার শারীরিক ক্ষতি করে নি রবি মিয়া। আজ সোমবার উদ্ধারকৃত শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে এবং আদালতে হাজির করা হবে।
সদর থানার এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন,‘শনিবার রাতে মোহনপুর গ্রাম থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। রবি মিয়াই ওই স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বলে জানা গেছে। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে। আজ সোমবার ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হবে । ’