জাউয়াবাজার প্রতিনিধি
ছাতক উপজেলার জাউয়াবাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে জাউয়াবাজারের মাদ্রাসা মার্কেটে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। দোকানগুলোতে রাতে কোন লোক না থাকায় কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এব্যাপারে নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছেন না। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, সোমবার রাত ৩টায় হঠাৎ করে বাজারের মাদ্র্রাসা মার্কেটে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণ করেন। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ভাই ভাই সু স্টোরের
প্রায় ৬ লক্ষ টাকা, কে এম কম্পিউটারে প্রায় ৪ লক্ষ টাকা, সৌরভ আহমদ এন্টারপ্রাইজের প্রায় ৮ লক্ষ টাকা, কাউছার সু স্টোরের ১ লক্ষ ৫০ হাজার টাকা, কুটি সু স্টোরের প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। পরিবার পরিজন নিয়ে বেচেঁ থাকার একমাত্র অবলম্বন দোকান পুড়ে যাওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা করতেন। কিভাবে ঋণের টাকা পরিশোধ করবেন এ চিন্তায় তারা এখন দিশেহারা।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক অলিদ মিয়া জানান,তার দোকানে ৮-৯ লক্ষ টাকার বিভিন্ন ধরনের মালামাল ছিল। সবই পুড়ে ছাই হযে গেছে। অপর ক্ষতিগ্রস্ত দোকান মালিক জাকির হোসেন জানান, আগুনে পুড়ে তার অন্তত ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।