ছাতক প্রতিনিধি
সিলেট-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন ছাতকের জাউয়ায় সড়ক ও জনপথের জায়গা দখল করে যুক্তরাজ্য প্রবাসী নুর আলী গভীর নলকুপ স্থাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারী ভুমিতে বিনা অনুমতিতে ব্যক্তি স্বার্থে নলকূপ স্থাপন করায় স্থানীয় ব্যবসায়িদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘প্রবাসীকে মৌখিকভাবে বাধা নিষেধ করা হয়েছে, কিন্তু বাধা শুনেননি। উচ্ছেদের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে অনুরোধ করা হবে।’
বাজারের একাধিক ব্যবসায়ি জানান, প্রধান সড়কের পাশে সড়ক ও জনপথের ভূমিতে একটি গভীর নলকূপ স্থাপন করছেন পাইগাঁও গ্রামের মৃত হাজী চমক আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী নুর আলী। সরকারী ভূমিতে নলকুপ স্থাপন করায় বাজারের ব্যবসায়িদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হলে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের অবগত করে পুলিশ। কিন্তু সবকিছু উপেক্ষা করে প্রবাসী নুর আলী সরকারী ভুমিতে নলকূপ স্থাপনের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। বিগত দিনে জাউয়া বাজরের সড়ক ও জনপথের ভূমি থেকে একাধিকবার অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। গত ৩ মে সর্বশেষ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আড়াই শতাধিক অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলদারদের উচ্ছেদ করা হয়। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই সড়ক ও জনপথ বিভাগের ভূমিতেই আবারো স্থাপন করা হচ্ছে একটি গভীর নলকুপ। এতে উচ্ছেদকৃত ফুটপাতের ব্যবসায়িদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আমাদের করণীয় কিছু না থাকায় বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টদের জানিয়ে দেয়া হয়েছে।