- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফর

হোসেন তওফিক চৌধুরী
আজ ১১ই জ্যৈষ্ঠ। বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। সিলেটের সাথে কবির স্মৃতি অমলিন। তিনি দু’বার সিলেট সফর করেছেন। প্রথমবার ১৯২৬ এবং দ্বিতীয়বার ১৯২৮ সালে। প্রথমবারের সফরের চেয়ে দ্বিতীয়বারের সিলেট সফর অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ। তাঁর দ্বিতীয়বারের সিলেট সফর সিলেটের সর্বত্র আলোড়ন ও সাড়া জাগায়। দ্বিতীয়বারের সফরে তিনি সিলেট মাসাধিককাল অবস্থান করেন। এই সফরে বাংলার নয়ন মনি শেরেবাংলা এ.কে ফজলুল হক এবং জ্ঞান তাপস ড. মোহাম্মদ শহীদুল্লাহ সম্মানিত অতিথি হিসাবে সিলেট সফরে আসেন। কবি এবং অতিথিদের যথাযোগ্য সংবর্ধনা ও বরণ করার জন্য সিলেটে একটি নাগরিক কমিটি গঠিত হয়। সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ বখ্ত মজুমদার সভাপতি এবং তৎকালীন সিলেটের সাপ্তাহিক ‘যুগবাণী’ সম্পাদক মকবুল হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সংবর্ধনা কমিটি কবি ও অতিথিদেরকে লোকনাথ রতন মনি হলে একটি স্মরণীয় সংবর্ধনা প্রদান করেন। কবি সিলেটে সম্পাদক মকবুল হোসেন চৌধুরীর আথিত্য গ্রহণ করেন এবং তার দরগামহল্লাস্থিত ভাদেশ^র লজে অবস্থান করেন। এই সময়ে ভাদেশ^র লজ একটি প্রাণবন্ত তীর্থক্ষেত্রে পরিণত হয় এবং কবিকে দর্শন, কবির কথা ও গান শুনার জন্য ভিড় লেগেই থাকত। সেই সময়ে দেওয়ান মোহাম্মদ আজরফ, আব্দুল্লাহ বিএল, কবি সরেকওম ওবায়দুল্লাহ, গিয়াসউদ্দিন আহমদ (সাবেক বিভাগীয় কমিশনার), আলী আশরাফ প্রমুখ সব সময়ে কবিকে সঙ্গদান করেছেন। কবিও তাদেরকে নিয়ে সিলেটের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন।
কবির সিলেট সফরের উপর ভিত্তি করে কবি সরেকওম ওবায়দুল্লাহ ও দেওয়ান মোহাম্মদ আজরফ প্রত্যক্ষদশীর্র বিবরণ লিখেছেন। কবির সাথে আগত ড. মোহাম্মদ শহীদুল্লাহর পুত্র শফি উল্লাহ প্রত্যক্ষদশীর্র বিবরণ লিখেছেন। ইতোমধ্যেই বিভিন্ন কবি সাহিত্যিক নজরুলের সিলেট সফর সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তন্মধ্যে আব্দুল মন্নান সৈয়দ, রাগিব হোসেন চৌধুরী, আব্দুল হামিদ মানিক, নৃপেন্দ্র লাল দাস প্রমুখের রচনা সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। সিলেটের সাহিত্যাঙ্গনের অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়ে আসছে। কবি সিলেটে “সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার হাজার মেহেরবানী’, ‘আকাশে হেলান দিয়ে মাথা পাহাড় ঘুমায় ঐ’ প্রভৃতি কালজয়ী গান সিলেটে রচনা করেছেন বলে কথিত আছে। “উর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরনী তল, আমরা ছাত্রদল’ গানটিও সিলেটে আসার পথে কবি রচনা করেছেন বলে কথিত আছে।
কবির সিলেট সফর সিলেটের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা এবং তার এই সফর সিলেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সংযোজন। উপরের ছবিটি নজরুলের সিলেট সফরকালে সিলেটের সুধীজনের সাথে গৃহীত। এই ছবিতে তৎকালীন যুগবানী সম্পাদক মকবুল হোসেন চৌধুরী রয়েছেন।
লেখক : আইনজীবী ও কলামিষ্ট।

  • [১]