টাফ রিপোর্টার
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকাল ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ১০টায় সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতার ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতারা অর্ধনমিত রাখা সহ জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতিপূর্ণ আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও জেলার সকল মসজিদসমূহে বাদ যোহর বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এদিকে দিবস উপলক্ষে আজ রবিবার জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় শিক্ষার্থীদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় চিত্রাংকন ও ৫টায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।