স্টাফ রিপোর্টার
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা লিগ্যাল কমিটির আয়োজনে এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আলোচনা সভায় আইনগত সহায়তা আইনের বিভিন্ন দিক ও লিগ্যাল এইড কার্যক্রমের অধীনে সুনামগঞ্জ বিচার বিভাগের গৃহিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুলেখা দে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. জাকির হোসেন গালিব, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল হক, সরকারি কৌসুলী অ্যাড. আখতারুজ্জামান সেলিম, বিজ্ঞ প্যানেল আইনজীবী অ্যাড. স্বপন কুমার দাশ রায় এবং উপকারভোগী গৌছুল আলম ও কামরুন্নাহার বেগম প্রমুখ।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় একদিন উপকারভোগীর সংখ্যা অব্যাহত ভাবে বৃদ্ধি পাবে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির বলেন, বিচার পাবার অধিকার মানুষের সাংবিধানিক অধিকার। ধনী দরিদ্র নির্বিশেষে সবার বিচার পাবার অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইডের ভূমিকা অপরিসীম। এ বিষয়ে ব্যাপক প্রচারণার দরকার বলে তিনি উল্লেখ করেন। মাননীয় জেলা জজ মহোদয়ের গতিশীল নেতৃত্বে এই কার্যক্রম আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্র্াইব্যুনালে বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. জাকির হোসেন গালিব বলেন, প্রায় ৬ লক্ষ লোক লিগ্যাল এইড কার্যক্রমের অধীনে আইনগত সহায়তা পান। এর পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বলেন, বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশে লিগ্যাল এইডের মাধ্যমে আইনী সহায়তা প্রদান করা অন্যতম একটি অর্জন। এসময় তিনি সুনামগঞ্জে নবনির্মিত সিজেএম ভবনে বৃহত্তর পরিসরে লিগ্যাল এইডের জন্য অফিস কক্ষ বরাদ্দের ঘোষণা দেন।
এদিকে আলোচনা সভার আগে সকাল ৯টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভার আগে উপকারভোগীদের সেবায় অবদান রাখায় প্যানেল আইনজীবী অ্যাড. স্বপন কুমার দাশ রায় কে লিগ্যাল এইডের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও শিল্পকলা একাডেমিতে ফ্রি ব্লাড গ্রোপিং সার্ভিস, বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে নারীর অধিকার ও আইনি সহায়তা এবং জেলা কারাগারের পক্ষ থেকে কারাবন্দীদের সুযোগ সুবিধা বিষয়ে অবগত করতে প্রচারপত্র বিলি করা হয়।