মহাজোট সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জাতীয় ও জনস্বার্থ উপেক্ষা করে সাম্রাজ্যবাদী রাশিয়ার স্বার্থে ও পরিকল্পনায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প এবং সাম্রাজ্যবাদের দালাল ভারতের স্বার্থে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার এনডিএফ-এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা এনডিএফ’র সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মহাজোট সরকার পারমানবিক বিদ্যুতের প¦ার্শপ্রতিক্রিয়া ও ক্ষতিকারক দিক এলাকার জনগণ তথা দেশবাসীকে সম্পুর্ণ অন্ধকারে রেখে এবং আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থার বেঁধে দেওয়া ৬৩ প্রকার প্রাক সমীক্ষা ছাড়াই সাম্রাজ্যবাদী রাশিয়ার পরিকল্পনায় ঈশ্বরদীর রূপপুরে ১ হাজার মেগাওয়াট শক্তি সম্পন্ন দুইটি বিপদজনক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। বাংলাদেশে রাশিয়া ভিভিইআর ১০০০ মডেলের প্রযুক্তি ব্যবহার করবে বলে জানানো হচ্ছে। রাশিয়ার চেরেনোবিল ধ্বংসলীলা ও ২০১১ সালে জাপানের ফুকুশিমা পরমানু বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের পর হাঙ্গেরি ২ টি, ইউক্রেন ৩ টি, জার্মানি ৪ টি, চেকপ্রজাতন্ত্র ২টি ভিভিইআর ১০০০ প্রযুক্তির পারমানবিক চুল্লি ক্রয়ের চুক্তি বাতিল করেছে। তুরস্ক ও ভিযেতনাম রাশিয়ার ঐ ভিভিইআর ১০০০ প্রযুক্তি ৩৩ হাজার টাকায় নগদে কিনে তা ফেরত দেওয়ার উদ্যোগ নিচ্ছে। অথচ বাংলাদেশ সরকার অত্যাধুনিক থ্রী জি প্রযুক্তি প্রচার করে তা ক্রয় করার উদ্যোগ নিচ্ছে। এছাড়া সরকার সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস করে সাম্রাজ্যবাদের দালাল ভারতের স্বার্থে জাতীয় ও জনস্বার্থ বিরোধী রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। রামপাল বিদ্যুৎ চুক্তিসহ বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে ভারতের হাতে তুলে দেওয়ার পায়তারা চলছে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি নয়াউপনিবেশিক আধা-সামন্ততান্ত্রিক দেশ। অতীত থেকে অদ্যাবধি অনেক জাতীয় স্বার্থ বিরোধী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে যা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করে চলেছে। কারণ আমাদের দেশের সরকারগুলো সাম্রাজ্যবাদের স্বার্থকেই প্রাধান্য দিয়ে চলে। আজ তাই মহাজোট সরকারের রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল পদক্ষেপের বিরুদ্ধে ও বাংলাদেশকে নিয়ে সাম্রাজ্যবাদীদের সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। প্রতিষ্ঠা করতে হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ-আমলা মুৎসুদ্দি পুঁিজ বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা।
বক্তারা জাতীয় মুক্তির লক্ষ্যে জাতীয় ও জনস্বার্থ বিরোধী রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল প্রকল্প ও চুক্তি বাতিলের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তির প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মো. মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, মৌলভীবাজার জেলা হোটেল রিকশা ইউনিয়নের সভাপতি সোহেল আহমদ, স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মতিউর রহমান, এনডিএফ জেলা কমিটির দপ্তর সম্পাদক তারেশ বিশ্বাস সুমন, সদস্য শাহজাহান আলী, কিসমত মিয়া, দুলাল মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি