বিশেষ প্রতিনিধি
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো এমন সংবাদ জাতীয় পত্র-পত্রিকায় ছাপা হওয়ায় সুনামগঞ্জের নির্বাচনী আসনগুলোতেও নির্বাচনী আলাপচারিতা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ-বিএনপি’র প্রার্থী কে হচ্ছেন? এই আলোচনা রয়েছে প্রত্যেকটি নির্বাচনী এলাকায়।
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী সবচেয়ে বেশি। এই আসনে ৬ প্রার্থীই নানা কৌশলে বিএনপি’র চেয়ারপার্সন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ২০০৮’এর নির্বাচনে এই আসনের বিএনপি দলীয় প্রার্থী এবার সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ায় এবং ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি’র পদ হারানোয় অন্য সম্ভাব্য প্রার্থীদের প্রত্যাশা বেড়েছে। এরা যার যার মতো করে তদবিরও শুরু করেছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য এসব প্রার্থীরা হলেন- সাবেক সংসদ সদস্য নজির হোসেন, ডা. রফিক চৌধুরী, আব্দুল মোতালেব খান, আনিসুল হক, কামরুজ্জামান কামরুল ও হামিদুল হক আফিন্দি লিটন। ইতিমধ্যে সংগঠনের একজন তরুণ নেতা লন্ডনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে সঙ্গে দেখা করে এসেছেন। তারেক রহমান তাকে নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বলেও দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিএনপি’র তরুণ এই নেতা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনেও ক্যারিসমা দেখিয়েছেন।
এই আসনে ২০০৮’এর নির্বাচনে বিএনপিসহ ৪ দলীয় জোটের প্রার্থী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ডা. রফিক চৌধুরী। ভদ্র এবং বিনয়ী ডা. রফিক চৌধুরী গত কয়েক বছরে দলে অনেকটা কোনঠাসা হয়ে পড়েছেন। ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি ডা. রফিক এখন ঐ কমিটিতেও নেই। দলে তাঁর প্রতিদ্বন্দ্বি হিসাবে পরিচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খাঁন এখন ধর্মপাশা বিএনপি’র সভাপতি। সম্প্রতি হওয়া কেন্দ্রীয় কমিটিতেও স্থান হয়নি ডা. রফিক চৌধুরী’র। দলের অভ্যন্তরে কর্মীদের মধ্যে কথা রয়েছে এই আসনে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীরা ডা. রফিককে কোনঠাসা করতে পরোক্ষভাবে কাজ করেছেন।
ডা.রফিক চৌধুরী এ প্রসঙ্গে বলেন,‘সুনামগঞ্জ-১ আসনের বিএনপি কর্মীদের অনেকেরই আদর্শের ভিত্তি দুর্বল ছিল। আমি ব্যক্তি কেন্দ্রীক কিছু করিনি। দলের রাজনীতিকে এগিয়ে নেবার চেষ্টা করেছি। আমি যাদের তৈরি করেছি, তারা দলের দুর্দিনে-সুদিনে দলেই থাকবে। নির্বাচনে বিজয়ী হতে হলে যাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন, দল তাকেই মনোনয়ন দেবে। আমি দলের সিদ্ধান্তের বাইরে কিছু করবো না’।
সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ওয়ান ইলেভেন’এর সময় সংস্কারপন্থি হিসাবে পরিচিত নজির হোসেন ইতিপূর্বে এই আসনের তিন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র হয়ে কাজ করেছেন। স্থানীয় সরকারের নির্বাচনের পর তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছেন দেশের অন্য স্থানের চেয়ে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র প্রার্থীরা ভাল করেছেন। এই আসনে তাকে (নজির হোসেনকে) বিএনপি’র প্রার্থী করার জন্য তিনি তদবিরও করছেন বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।
নজির হোসেন অবশ্য বলেছেন,রাজনৈতিক কর্মী হিসাবে তিনি মনে করছেন, তাঁর নির্বাচনী এলাকার সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ টাঙ্গুয়ার হাওর রক্ষা করতে হবে। সুনামগঞ্জ-১ আসনের লাখো মানুষের জীবন-জীবিকা এই হাওর কেন্দ্রীক। এজন্য নির্বাচনের কথা চিন্তা না করে, এই হাওরকে রক্ষা করা যায় কীভাবে, সেটি নিয়েই কাজে ব্যস্ত তিনি।
তাহিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক বলেন,‘নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে আসছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করছি আমরা। দল নির্বাচনে গেলে অবশ্যই তৃণমূলের ত্যাগী নেতাকর্মীর মূল্যায়ন থাকবে। দলীয় নির্দেশনা পেলে নির্বাচনে প্রার্থী হবার জন্য প্রস্তুত রয়েছি আমি’।
ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মোতালেব খান বলেন,‘নজির হোসেন, ডা. রফিকের পরই আমি জ্যেষ্ঠ, আমার জনপ্রিয়তার বিষয়টিও পরীক্ষিত, সরকারি দমন-পীড়ন এবং প্রভাব খাটানোর পরও দলীয় কর্মীরা আমার সঙ্গে থেকেছেন। ভোটাররাও ভোট দিয়েছেন। আমি আশা করছি দল নির্বাচনে গেলে মনোনয়ন আমি পাব এবং আমার নির্বাচনী প্রস্তুতিও রয়েছে’।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,‘দল যাকে প্রার্থী করবে, আমি তাঁর সঙ্গেই কাজ করবো, দল নির্বাচনে গেলে আমি মনোনয়ন চাইবো’।
ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন যুক্তরাজ্যে রয়েছেন। তাঁর ভাই জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দি বলেছেন,‘বিএনপি নির্বাচনে গেলে হামিদুল হক আফিন্দি মনোনয়ন চাইবেন’।