স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের হাছননগর এলাকায় ইপিআই ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: মো. শামস উদ্দিন জানান, ৫ জুন থেকে ১৯ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন মনিটরিংয়ের জন্য সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম চালু থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ওইদিন সারারাত প্রতি উপজেলায় সকল কর্মকর্তা ও কর্মচারী স্ব স্ব স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, জেলার ৬-১১ মাস বয়সী শিশু ৪৪ হাজার ৩ শত ৮৪ জনকে এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৫১ হাজার ৫শত ৩৯জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। দুর্গম এলাকা ধরমপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার মোট ৩৫টি ইউনিয়নের বাদপড়া শিশুদের অনুসন্ধানে আরও ৪দিন ক্যাম্পেইন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের শিক্ষা স্বাস্থ্য কর্মকর্তা মো. ওমর ফারুক ও অন্যান্য গণমাধ্যমকর্মী।