স্টাফ রিপোর্টার
‘উৎপাদন মুখী সমবায় করি উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সমবায় অফিসের পরির্দশক হিরন্ময় রায়ের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মো: ছাদেক মিয়া। আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন আশুতোষ দাশ, বিআরডিবি’র উপ-পরিচালক শামছুল ইসলাম, জেলা সমবায় অফিসার ছাদেক মিয়া জেলা কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান অ্যাড. মাহবুবুল আলম শাহিন, চন্দ্র মল্লিকা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মিজানুর হক সরকার, , সদর উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্যে মধ্যসত্ত্বভোগীদের হাত থেকে মৎস্যজীবীদের বাঁচাতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে জেলা প্রশাসকের সহায়তা কামনা করেন জেলা সমবায় অফিসার।
এদিকে সভা ও র্যালির পূর্বে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় সমবায় দিবসের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।