জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি এক কর্মীসভায় ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির সরকারের গ্যাস-বিদ্যুত-সিএনজি’র মূল্য বৃদ্ধির উদ্যোগের তীব্র সমালোচনা করে বলেন সরকার সাম্রাজ্যবাদের স্বার্থে ও অবাধ লুটপাটের জন্য দেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্যোগ নিয়ে সেখানে গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা বিধান করতে গিয়ে একদিকে বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ এবং অন্যদিকে গ্যাস-বিদ্যুতের লাগামহীন মূল্য বৃদ্ধি করে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমাণ কমে গেলেও দেশীয় বাজারে নামমাত্র মূল্য কমিয়ে সরকার জনগণের নিকট হতে অস্বাভাবিক মূল্য আদায় করছে।
শনিবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন দেশের উর্বর কৃষিজমি নষ্ট করে এসব অর্থনৈতিক অঞ্চলের পূঁজি ও মুনাফা দুটোই মূলতঃ সাম্রাজ্যবাদী দেশগুলোর হবে। হবিগঞ্জের চুনারুঘাটে চা-শ্রমিকদের বসতি ও কৃষিজমির উপর সরকারের অর্থনৈতিক অঞ্চল নির্মাণের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে শ্রমিকÑকৃষক।
এনডিএফ জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা ও কোষাধ্যক্ষ মৃগেন চক্রবর্তী, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, চা-শ্রমিক সংঘের শ্যামল অলমিক ও খোকন রায়, জেলা এনডিএফ সদস্য তারেশ বিশ্বাস সুমন, শাহিন মিয়া, তাজুল ইসলাম, মোঃ জসিমউদ্দিন, কিসমত মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি