- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জানীগাঁও-পৈন্দা সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও-পৈন্দা সড়কের বেহাল দশা। সুনামগঞ্জে স্মরণ কালের ভয়াবহ বন্যায় সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় গর্তসহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। বন্যার পর থেকেই সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। প্রায় ২১০০ মিটার সড়কের পিচ-খোয়া উঠে গেছে। সড়কের কোথাও বন্যার পানির তোড়ে ছোট খাল ও নালার মতো সৃষ্টি হয়েছে। এসব ছোট খাল ও নালাা উপর তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো।
সরেজমিনে দেখা যায়, পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুনামগঞ্জ-সিলেট সহ বিভিন্ন জেলায় যাতায়াত করতে হচ্ছে জনসাধারণকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষজন। ওই এলাকার শিক্ষার্থীদেরকে কাদা মাড়িয়ে স্কুলে যাওয়া আসা করতে হচ্ছে। সড়কের সিংহভাগই খানাখন্দে ভরা। তিন-চারটি ছোট বড় গর্ত রয়েছে। বড় একটি গর্তে বাঁশের সাঁকো নির্মাণ করে জনসাধারণ যাতায়াত করছেন। অনেক জায়গায় বৃষ্টির পানি জমে আছে। ওই রোগীদের নিয়ে বিকল্প পথে জেলা সদর হাসপাতালে যেতে হয়। এতে করে সময় ও অর্থ দুটোই বেশি লাগে।
সুনামগঞ্জ থেকে পৈন্দা গ্রামের বাড়িতে ফিরছিলেন মাসুক মিয়া, আব্দুল জাহান এবং মঞ্জু কুমার দাশ। তারা বললেন, বন্যায় সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত হয়েছে। কোথাও কোথাও ভেঙে গেছে। গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা পায়ে হেঁটে শহরে যাতায়াত করছি। এলাকার শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করছে পায়ে হেঁটে। বৃষ্টি হলে পা পিছলে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত সড়ক মেরামত করবেন বলে আশা করছি।
নলুয়া গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার বললেন, এই সড়কটির তিন-চার জায়গায় গর্ত। গাড়ি চলে না। আইট্যা শহরে যাওন লাগে, খুব কষ্ট অয়। সড়ক ঠিক করে দিলে খুব বালা অইত।
পৈন্দা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বললেন, আমি সুনামগঞ্জ থাকি আইট্যা আইছি, হেরান অইগেছি। সড়কে তিন চাইরটা ভাঙা, গর্তও আছে। পেক কাদা তো আছেই। সড়কটা ঠিক কইরা দিলে খুব বালা অইত।
নলুয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র সুলায়মান বললেন, আমরা সড়ক দিয়ে চলাচল করতে পারি না। বৃষ্টি অইলে পিছলা অইজায়, আইট্যা মাদ্রাসায় যাওন লাগে। কাপড় চোপড় পেক কাদায় নষ্ট অয়। আমরা কর্তৃপক্ষের কাছে সড়ক তাড়াতাড়ি ঠিক করার জন্য দাবি জানাই।
উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার হোসেন বললেন, বন্যার পরপরই সড়কের রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। নির্দেশনা পেলেই মেরামত কাজ শুরু হবে।

  • [১]