- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের উপজেলা চেয়ারম্যানের এ কেমন সাম্প্রদায়িক বিদ্বেষ?

সরকারি দায়িত্বশীল পদে থেকে কারও সাম্প্রদায়িক মনোভাব পোষণ ও প্রকাশ করা নিশ্চিতভাবেই গর্হিত অপরাধ। এটি সরকারি পদের অবমাননা করাও বটে। কারণ বাংলাদেশের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্মীয় বিদ্বেষ থেকে উস্কানি ও অন্যবিধ কুপ্রচারণা আমাদের দেশের আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। অথচ সরকারের দায়িত্বশীল একটি পদে থেকে এমন কাজই করলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম ঝুনু মিয়া। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যায়, বুধবার জামালগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির সভায় চলমান বিদ্যুৎ বিড়ম্বনা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে তিনি বলে বসেন, ‘বিদ্যুতের আরই (আবাসিক প্রকৌশলী) মনে হয় হিন্দু, হিন্দু না হলে কারেন্ট নিবে কেন’। তাৎক্ষণিকভাবে তাঁর এরকম সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসুত মন্তব্যের প্রতিবাদ করেন সভায় উপস্থিত উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যরা। প্রতিবাদ সত্বেও উপজেলা পরিষদ চেয়ারম্যান  নিজ গর্হিত মন্তব্যের প্রেক্ষিতে সভায় দুঃখ প্রকাশের পরিবর্তে অটল থাকেন এবং এক পর্যায়ে সভাকক্ষ ত্যাগ করেন। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিড়ম্বনার বিষয়টি একটি বহুল আলোচিত বিষয়। বিশেষ করে পবিত্র রমজানের সময় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে শুধুমাত্র দৈনিক সুনামগঞ্জের খবরেই গত এক সপ্তাহে ন্যূনতম চারটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই বিদ্যুৎ বিড়ম্বনা নিয়ে গ্রাহকদের মনে অসন্তুষ্টির অন্ত নেই। বিভিন্নভাবে বিদ্যুৎগ্রাহকরা এই অসন্তুষ্টি প্রকাশ করছেন। কিন্তু কখনও কেউ এজন্য বিদ্যুতের কর্মকর্তা বিশেষের ধর্মীয় পরিচয়কে দায়ী করেন নি। বিদ্যুতের আবাসিক প্রকৌশলী পদে একজন হিন্দু ধর্মাবলম্বী কর্মরত থাকতেই পারেন । কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে রমজানের সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটাবেন এটা কেউ বিশ্বাস করবেন না। অথচ জামালগঞ্জের উপজেলা পরিষদ চেয়ারম্যান অবলীলায় কর্মকর্তার ধর্মীয় পরিচয়কে বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে সামনে নিয়ে আসলেন বেশ অসংযতভাবে। এটা কি তার মুখ ফসকে বেরিয়ে যাওয়া অনিচ্ছাকৃত কোন কথা? নিশ্চিতভাবেই- না। কারণ এমন হলে তিনি সভায়ই এই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতেন। এটি যে মুখ ফসকে বেরোনো কথা না সেটি আরও ভালভাবে বুঝা যাবে তাঁর পারিবারিক-রাজনৈতিক পরিচয় বললে। তাঁর মরহুম পিতা লাল মিয়া জামালগঞ্জের কুখ্যাত রাজাকারদের একজন প্রধান ব্যক্তি। লাল মিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রচুর অভিযোগ রয়েছে। দেশ স্বাধীনের পরেও এই স্বাধীনতা বিরোধী পরিবারটি নিজেদের দুস্কর্মের জন্য অনুতপ্ত হওয়ার পরিবর্তে একই আদর্শের সেবা করে যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যানের একাত্তরের অপরাধমূলক ভূমিকার কারণে জামালগঞ্জের মুক্তিযোদ্ধাগণ গত কয়েক বছর ধরে জাতীয় অনুষ্ঠানে তাঁর উপস্থিতির বিরোধিতা করে আসছিলেন। এরূপ একজন ব্যক্তি তার কথায় নিজের সাম্প্রদায়িক মানসিকতার পরিচয় রাখবেন সেটি আর আশ্চর্য কি?
কিন্তু কথা হচ্ছে সরকারের পদে থেকে তিনি কি এরূপ আচরণ করতে পারেন? করলে এর বিহিত কী? তিনি জনপ্রতিনিধি যুগপৎ একজন সরকারি পদাধিকারী হিসাবে কখনও নিজের কাজে বা চিন্তায় বিদ্বেষপ্রসূত কোন কিছু করতে পারেন না। তিনি যে কথা বলেছেন সেটি দেশের প্রচলিত আইনে অপরাধ। আমরা কি আশা করতে পারি এই আইনবিরুদ্ধ কথা বলার কারণে তার বিরুদ্ধে আইনের প্রয়োগ ঘটবে? জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের দিকে আমরা তাকিয়ে থাকলাম। দৃষ্টিভঙ্গি ও আদর্শবাদিতার প্রশ্নে বর্তমান সরকার উদারপন্থী। উদারপন্থী সরকারের সময়ে একজন জনপ্রতিনিধির বক্তব্যে দেশের একটি ধর্মাবলম্বী গোষ্ঠী আহত হবেন এবং সমাজে বিভাজন তৈরি হবে কিন্তু এর বিরুদ্ধে কোন ব্যবস্থা গৃহিত হবে না; এমনটি আমরা আশা করি না।  

  • [১]