- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের পাগনার হাওর পরিদর্শন করলো হ্যাপ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের পাগনার হাওরের জলাবদ্ধতা ও হাওরের বিভিন্ন বেড়ি বাঁধের স্থান পরিদর্শন করেছেন হাওর এডভোকেসি প্লাটফর্ম (হ্যাপ)”র প্রতিনিধি দল।  
শুক্রবার দিনব্যাপি পাগনার হাওরের বিভিন্ন স্লুইসগেইট, বেড়ি বাঁধ ও বিভিন্ন আফর বাঁধ পরিদর্শন করেন তারা। স্থানগুলো পরিদর্শনের সময় হাওরপাড়ের বিভিন্ন গ্রামের কৃষকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রতিনিধি দলের কাছে।
হ্যাপের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক ও বিশ্লেষক শরিফুজ্জামান শরীফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, পানি ও বাঁধ বিশেষজ্ঞ প্রকৌশলী সর্দার আমিন। এসময় গাজী টেলিভিশনের স্টাফ রির্পোটার,       প্রথম আলোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, স্থানীয় গণমাধ্যম ও হাওর উন্নয়নকর্মী আকবর হোসেন প্রমুখও পরিদর্শন দলে ছিলেন।
জলাবদ্ধতার বিষয়ে আমানীপুরের কৃষক মঙ্গল মিয়া ও আবারক হোসেন বলেন,‘ আমরা অতীতেও হাওরের বাঁধে স্বেচ্ছা শ্রমে কাজ করেছি, এবারও পানি নিষ্কাশনে কাজ করছি। আমরা হাওরের বাঁধের কাজ আর স্বেচ্ছাশ্রমে কত করব। বার বার আমাদের ফসলহানী হচ্ছে ,ফসলের মায়ায় আমরা বাঁধে পড়ে থাকি।
স্থানীয় লক্ষীপুর গ্রামের গণমাধ্যমকর্মী দিল আহমেদ জানান, প্রথমে পানি নিস্কাশনে এলাকার কৃষকেরা কাজ করেছেন স্বেচ্ছাশ্রমে। এ বিষয়ে আজ (শনিবার) লক্ষীপুরে মিটিং ডেকেছেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস বলেন,‘ ভারতের মেঘালয় পাহাড় থেকে আগে নদী দিয়ে পানি নামতো। এখন বিভিন্ন ধাতব পদার্থ, বালু, কালো মাটি দিয়ে আমাদের নদীর তলদেশ ভরে গেছে। তাই নদী দিয়ে পানি চলাচল কমে গেছে। তাছাড়া বেশী করে গাছ কাটার ফলে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে।’
পানি ও বাধ বিশেষজ্ঞ প্রকৌশলী সর্দার আমিন বলেন,‘ কাজ হচ্ছে অপরিকল্পিত, এভাবে চলতে থাকলে দিন দিন আরো ক্ষতিতে পড়বে কৃষক পরিবারগুলো। এখন থেকে পরিকল্পনা করে হাওরের বাঁধ ও স্লুইসগেইটগুলোর কাজ করতে হবে।
হাওর এডভোকেসী ফ্লাটফর্মের যুগ্ম আহবায়ক ও বিশ্লেষক শরিফুজ্জামান শরীফ বলেন,‘ গেল বার বাঁধের কাজ চলাকালীন সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বাঁধ ও হাওরডুবির পর আবারও ঘুরেছি বিভিন্ন গ্রামে। এখন থেকেই আমাদের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন চাই। নদী খনন, স্লুইসগেইটগুলো কার্যকর, বেড়ি ও আফর বাঁধগুলো স্থায়ীকরণ করার উদ্দ্যোগ নিতে হবে। সন্ধ্যায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে বিষয় গুলো তুলে ধরব।

  • [১]