জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৪ ছেলে ও ১ মেয়ে রেখে যান।
সোমবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের পার্শ্ববর্তী ছাতিধরা জলমহালে থাকাবস্থায় তিনি আচমকা মাটিতে লুটিয়ে পড়লে তৎক্ষণাৎ উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে জামালগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ২০১৪ সালে প্রথমবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আজ মঙ্গলবার তার জানাজা অনুষ্ঠিত হবে।
শামসুল আলম তালুকদার ঝুনু মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা বিএনপির সভাপতি ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক শাহ।