- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জের ৫ প্রতিবন্ধীর দায়িত্ব নিলেন উপজেলা প্রশাসন

জামালগঞ্জে অফিস
জামালগঞ্জের একই পরিবারের ৫ প্রতিবন্ধীর পুনর্বাসনের ব্যবস্থা সহ তাদের খোঁজ খবরের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি। দৈনিক সুনামগঞ্জের খবরে ‘একই পরিবারের ৫জন প্রতিবন্ধীর আর্তনাদ ১৫ বছরেও কেউ খবর নেয়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জেলা উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিধের টনক নড়ে।
এরই পেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সরেজমিনে ছুটে যান হোসেনপুরের ৫ প্রতিবন্ধী পরিবারের কাছে। জেলা নেতৃবৃন্দ ৫ প্রতিবন্ধীর ভাতার ফরম সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন ও ৫ প্রতিবন্ধীর ভাতার ব্যাপারে আশ্বস্থ সহ তাদের দায়িত্ব নেন।
জানা যায়,উপজেলা সদর ইউনিয়নের  হোসেনপুর গ্রামের উস্তার আলী ও মিনারা বেগম দম্পতির ১৫ বছর বয়সী সুহেল মিয়া, ১৩ বছরের রুবেল মিয়া, ৯ বছরের শিশুকন্যা সুমা বেগম, ৭ বছরের জুনেন মিয়া, ও সাড়ে ৩ বছর বয়সী শিশু সন্তান আলী আহমদ সহ একই পরিবারের ৫  সন্তান প্রতিবন্ধী হয়ে ঝুঁপড়ি ঘরে বিনাচিকিৎসায় দিনাতিপাত করছে। সবার বড় ছেলে ১৫ বছরের সোহেল জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী।  রুবেলের ১৩ বছর পার হতে চললেও তার নেই শ্রবণশক্তি সেই সাথে সে বাকরুদ্ধ। তারা বিগত ১৫ বছর ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও ভাতা পাননি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি বলেন,‘ দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদটি প্রকাশিত হওয়ার পর আমি বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেই ও ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিসকে তাদের ভাতার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’   
অপর দিকে গত বৃহস্পতিবার বিকেলে ডিডিএস প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ২জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদাছড়ি প্রদান করা হয়েছে।

  • [১]