জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত হারের চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে প্রশাসনের পক্ষ থেকে জরুরী সভা করা হয়েছে। এর আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই দফা সভা করে জামালগঞ্জ-সুনামগঞ্জ, সাচনা-সুনামগঞ্জ সহ জামালগঞ্জের সকল অভ্যন্তরীণ রোডের যানবাহনের ভাড়া বিআরটিএর সাথে আলোচনা করে নির্ধারণ করে দিয়েছিলেন। প্রশাসনের নির্ধারিত ভাড়ার হারে আদায় না করায় যাত্রী সহ জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে জরুরী সভা করা হয়েছে। সভায় সাচনাবাজার থেকে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ৫০ টাকা পূর্বের ভাড়াই চূড়ান্তভাবে নির্ধারণ করে দেয়া হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁকের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, উপজেলা আ:লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, থানার এসআই আরিফ রব্বানী, লেগুনা, অটো, সিএনজি মালিক পক্ষের প্রতিনিধি, ড্রাইভার প্রতিনিধি, মোটর সাইকেল ড্রাইভার, বিভিন্ন স্ট্যান্ডের ম্যানেজার, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবতী জানান, সভা থেকে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়েছে সাচনা বাজার-সুনামগঞ্জ সড়কে পূর্বের নির্ধারিত ৫০ টাকা ভাড়াই আদায় করতে হবে।
উল্লেখ্য, গেল কয়েক মাস আগে সাচনা-সুনামগঞ্জ সড়কে সিএনজিে প্রতিযাত্রীর কাছ থেকে ৬০ টাকা হারে ভাড়া আদায় করা হয়।