জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে একই বাড়ির ৪ জনসহ আরও ৭ জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর।
আক্রান্তদের মধ্যে রয়েছেন সদ্য প্রয়াত সাচনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরীর স্ত্রী ও সারদা সংঘের সভাপতি মাধবী পাল চৌধুরী, তার ছোট ভাই ব্যবসায়ী প্রজেস পাল চৌধুরীর স্ত্রী মিতু পাল চৌধুরী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের দুই কর্মচারী কিংকর দাস ও সজীব তালুকদার, সাংবাদিক বিশ্বজিত রায়ের ছোট ভাই সুজিত রায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আঞ্জুমান আরা ও এমএলএসএস আনোয়ার হোসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৩ জুন ৩৩ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে পাঠানো হয়। এদের মধ্য থেকে ৭ জনের দেহে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে নমুনা পরীক্ষাগার। আক্রান্ত ৭ জনের মধ্যে ৫ জন হোম আইসুলেশন ও ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসুলেশনে আছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ নিয়ে জামালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।