জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৃথক আয়োজনের মাধ্যমে এ দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেবের মনোনীত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের হিসাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নবনির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন প্রাক্তন জনপ্রতিনিধিরা।
গত ৫ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে জামালগঞ্জ উপজেলার বেহেলী, ফেনারবাঁক, ভীমখালী ও সাচনা বাজার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেহেলী ইউনিয়নে সুব্রত সামন্ত সরকার, ফেনারবাঁক ইউনিয়নে কাজল চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউনিয়নে মো. মাসুক মিয়া ও ভীমখালী ইউনিয়নে মো. আক্তারুজ্জামান তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হন। গত ১৪ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন নবনির্বাচিত ৪ চেয়ারম্যান শপথবাক্য পাঠ করান। পরদিন ১৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হলরুমে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
গতকাল বুধবার ভীমখালী ইউনিয়নে দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল জলিল মিলন। এ সময় প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়ার নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তালুকদার। ফেনারবাঁক ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা। প্রাক্তন চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। বেহেলী ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফয়সল আহমদ চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম। এ সময় প্রাক্তন চেয়ারম্যান অসীম তালুকদারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন সুব্রত সামন্ত সরকার। সাচনা বাজার ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমানের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান চেয়ারম্যান মাসুক মিয়া। এ সময় স্ব স্ব ইউনিয়নের সচিব, গ্রাম পুলিশ, উদ্যোক্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।