জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মৎস্য খাত বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ খাত। বৈশ্বিক মহামারী জনিত কারণে প্রতিকূল পরিবেশে পুষ্টির চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে চতুর্থ। আর ইলিংশ মাছ উৎপাদনে প্রথম। সুতরাং বেকারত্ব দূরীকরণে মৎস্য সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ (শনিবার) থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে উপজেলার জেলেদের অধিকার এবং কী কী জাল ব্যবহার নিষিদ্ধ সেই বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও ব্যানার—ফেস্টুন, পোস্টার ইত্যাদির মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এ প্রচারণায় উপজেলার সাংবাদিকগণের সম্পৃক্ত করার লক্ষেই এই সংবাদ সম্মেলন। বিগত বন্যায় জামালগঞ্জে মৎস্য খাতে প্রায় ১৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫০ জন মৎস্য খামারী বলে জানিয়েছেন তিনি।