জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে কালাগাং রোয়ার হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) এর অনুকূলে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাচনা বাজার ইউনিয়নের ভরতপুর গ্রামে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জাইকা) এর অর্থায়ন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবসস-এর সভাপতি মো. রেজাউল করিম শামীম।
সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সোসিয়লজিস্ট বেলাল আহমদ, সহকারী প্রকৌশলী শওকত আহমেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. মালেক মিয়া, সমবায় কর্মকর্তা লিপি রানী দাস, পাবসসের সহ সভাপতি নিশেন্দু কুমার রায়, সাধারণ সম্পাদক রানা রঞ্জন রায় ও স্থানীয় ইউপি সদস্য মো. মানিক মিয়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবসসের সদস্য আব্দুল জলিল, মো. এখলাছ মিয়া, অতুল চন্দ্র শীল, মুকুল চন্দ্র শীল, দিলীপ রায়, মীরা রানী সূত্রধর, সুমিত্রা রানী তালুকদার, ঝরনা শীল প্রমুখ।
কালাগাং রোয়ার হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) এর সদস্যদের কৃষি সহায়তা হিসেবে ৩টি পাওয়ার ট্রিলার ও ৩টি মাল্টি ক্রোপ পাওয়ার থ্রেসার মেশিন (ধান মাড়াই মেশিন) প্রদান করে দাতা সংস্থা জাইকা। যার বাজার মূল্য প্রায় ১১ লাখ ৩৪ হাজার টাকা বলে জানা যায়।
উল্লেখ্য, কৃষি যন্ত্রপাতি প্রাপ্ত কালাগাং রোয়ার হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) ২০২০ সালে জেলা ও ২০২২ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমিতির পুরস্কার লাভ করে।