জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ১ কেজি গাঁজাসহ কামরান হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত কামরান নয়াহালট গ্রামের রহমত উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. রাসেল তার সঙ্গীয় ফোর্স নিয়ে নয়াহালট গ্রামে কামরান হোসেনের বাড়িতে অভিযান চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী কামরান হোসেনকে আটক করতে সমর্থ হয় জামালগঞ্জ থানা পুলিশ। পরে কামরানের স্বীকারোক্তিতে তার ঘর থেকে ট্রাভেল ব্যাগে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে উপ পুলিশ পরিদর্শক মো. রাসেল বাদি হয়ে জামালগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন।