স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে এক ইউপি চেয়ারম্যান প্রার্থী ও তার ভাইকে আটক করা হয়েছে। উপজেলার বেহেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারের সঙ্গে অসদাচরণ করায় এই দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন বেহেলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী মকসুদ আলী মাকসুদ ও তার ভাই মাহিন আহমদ। বুধবার বেলা ২ টায় তাদেরকে ভোট কেন্দ্র থেকে আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬ টা) থানায় পুলিশের হেফাজতে ছিলেন এরা দুই ভাই।
জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, বেহেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকসুদ আলী মাকসুদের ভাই মাহিন আহমদ প্রথমে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে তার ভাই চেয়ারম্যান প্রার্থী মকসুদ আলী মাকসুদ এসে তার সঙ্গে যুক্ত হন। প্রিজাইডিং অফিসার বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল আহমদকে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে এই দুইজনকে আটক করার নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদেরকে থানায় এনে আটক রাখা হয়েছে।