- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে জলমহালের তীরে ঘর তৈরির অভিযোগ

জামালগঞ্জ অফিস
সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জামালগঞ্জের নলচুর্নি গ্রুপ জলমহালে মাছ ধরার পরিকল্পনা ও ঘর তৈরির অভিযোগ উঠেছে। তবে বিষয়টি এখনও অবগত নয় বলে জানিয়েছেন, স্থানীয় ভূমি অফিস,উপজেলা ও জেলা প্রশাসন।
বিলের পাড়ে ঘর তৈরী করে আগামী শুক্রবার থেকে মাছ ধরা হবে বলে জানিয়েছেন জলমহালের জেলেরা। এদিকে মাছ ধরার উদ্যোক্তা জানিয়েছেন, বিলের ইজারা তারাই পাবেন। তবে অভিযোগ উঠেছে যারা মাছ ধরার উদ্যোগ নিয়েছেন তারা এখনও জলমহালের মালিকানা সরকারের কাছ থেকে বুঝে পান নি।
জানা যায়, ফেনারবাঁক গ্রামের কয়েকজন ব্যক্তি শান্তিপুর একতা মৎস্যজীবি সমিতির নামে রাজস্ব ফাঁকি দিয়ে      এই জলমহাল থেকে মাছ ধরার উদ্যোগ নিয়েছেন।
অভিযোগের বিষয়ে শান্তিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক বলেন,‘ খাজনা এখনও দেয়া হয় নি। সিদ্ধান্ত হলে পরে খাজনা দেবো আমরা।’
জলমহালের জেলে (মাছ ধরার লোক) বি. বাড়ীয়ার নাসিরনগরের নারায়ন দাস বলেন,‘আমাদেরকে ফেনারবাঁক গ্রামের কাসেম চৌধুরী আনছেন মাছ ধরার জন্য। আমরা এর বেশী কিছু জানি না।’
রাজাপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি কয়েছ মিয়া বলেন,‘বিলের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। অথচ শান্তিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতিসহ ফেনারবাঁকের কাসেম, মানিক, মিজবাহুল সেলিম, মোহনগঞ্জের চন্দনসহ কয়েকজন জোর করে বিল দখল করে খলা ঘর তৈরী করছেন। শুনতেছি শুক্রবার থেকে তারা মাছ ধরবেন।’
এ বিষয়ে ফেনারবাঁক গ্রামের আবুল কাশেম চৌধুরী বলেন,‘বিলের খাজনা অখনও দেয়া হয়নি। মন্ত্রণালয় থেকে আমরাই পাব। আমরাই খলা ঘর বানাচ্ছি।’
ভীমখালী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. আসআদ বলেন,‘নলচুর্নী জলমহালের বিষয়ে কোন চিঠি পাইনি । কেউ খাজনা দেয়নি। ’
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন,‘নলচুর্নী জলমহাল সম্পর্কে আমি অবগত নই। সরকারি সিদ্ধান্ত না হলে কেউ খাজনা না দিয়ে জলমহালে গেলে বে-আইনী। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান বলেন,‘জামালগঞ্জের নলচুর্নী গ্রুপ জলমহালের বিষয়ে কিছুদিন আগে মন্ত্রণালয়ে সভা হয়েছে। এই বিষয়ে আমরা কোন নির্দেশনা পাই নি। চিঠি পেলে সমিতির কাছ থেকে খাজনা নিয়ে দখল বুঝিয়ে দেওয়া হবে। কেউ মাছ ধরার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]