জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে দুই অতিথি পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ-প্রাপ্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের আজাদ মিয়ার ছেলে মোজাহিদ আলম (৩৫)ও একই গ্রামের রজব আলীর ছেলে সহিবুর রহমান (৩৬)।
জানা যায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গঙ্গাধরপুর বাগে গত মঙ্গলবার রাত পৌন ১টার সময় অভয় আশ্রম থেকে ইয়ারগান দিয়ে অতিথি পাখি শিকার করার সময় মোজাহিদ আলম ও একই গ্রামের সহিবুর রহমানকে আটক করে।
পাকনার হাওরের গঙ্গাঁধরপুর গ্রামের পাশের স্থানীয় বনায়নে এনজিও সংস্থা সিএনআরএসর আওতাধীন অতিথি পাখির অভয়াশ্রমে থেকে প্রতিদিনের মত অতিথি পাখি শিকার করার সময় এসআই জয়নাল তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুই জনকে হাতে নাতে আটক করে। পরে বুধবার দুপুরে বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জের অতিরিক্ত দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান দুই জনকে আটকের কথা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে অতিথি পাখি শিকারী দুই জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের জরিমানা করেছেন।