জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে মামলাটি দায়ের করেন ধর্ষিতার ভাই মো. রুবেল মিয়া। শিশু নির্যাতন দমন আইন সংশোধনী (২০০৩) এর ৯(১)/৩০ ধারায় এ মামলাটি দায়ের করা হয়। এতে ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত মনফর আলীর ছেলে মো. শহীদ মিয়া (৫৫) ও অজ্ঞাত একজনকে বিবাদী করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ধর্ষক শহীদ মিয়া ও ধর্ষিতার পিতা একসাথে হাওরে গরু চড়াতেন। একপর্যায়ে বাড়িতে আসা-যাওয়ার সুবাদে ধর্ষিতাকে বিদেশ নেওয়ার প্রলোভন দেখালে সহজ-সরল পিতা তাতে রাজি হয়ে যান। বিদেশ যেতে জন্মনিবন্ধনের কাগজ লাগবে বলে ধর্ষণের শিকার কিশোরীকে নিয়ে শনিবার চেয়ারম্যানের গন্তব্যে রওয়ানা দেয় ধর্ষক শহীদ মিয়া। পথিমধ্যে টমটম থেকে নামিয়ে হাওরের নির্জন স্থানে নিয়ে অজ্ঞাত বিবাদীর সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরবর্তীতে বাড়ি ফিরে বিষয়টি অভিভাবককে অবহিত করে ধর্ষিতা। ধর্ষিতার ভাই বাদী হয়ে রোববার জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৫।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের বলেন, এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করতে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।