- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে নতুন রাজনীতি আ.লীগ, বিএনপি, জাপা জামায়াত একঘরে

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
হাওর অঞ্চলের নদী বেষ্টিত উপজেলা জামালগঞ্জ। সম্প্রীতি আর সৌহাদ্যের উপজেলা এটি। স্বাধীনতা যুদ্ধের আগে পরে, বর্তমানেও চলে আসছে এই রীতি আর নীতি। সমঝোতা করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে সরকার ও বিরোধীদলগুলো। সারা দেশে যখন জ্বালাও পোড়াও চলছে তখন জামালগঞ্জ ছিলো শান্ত। জেলার সব উপজেলাই জামায়াতের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হলেও জামালগঞ্জে জামায়াত শান্তি পূর্ণ মিছিল করেছে ক্ষমতাসীন দলের নেতাদের কাছ থেকে অনুমোদন নিয়ে। আবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির দিন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের কার্যক্রম থেকে বিরত ছিলো। রাজনৈতিক কারণে জামালগঞ্জে বিরোধী দলীয় কোন নেতাকে পুলিশের হাতে আটক হতে দেখা যায়নি। কোন নেতাকে আটক বা কোন ধরনের প্রস্তুতি বা আভাস পেলে সরকার দলীয় নেতারা আগে থেকেই সর্তক করে দিতেন তাদের । এই রীতি শুধু বর্তমান সরকারের আমলেই নয় গেল বিএনপি জামায়াত জোট সরকারের আমলেও কিছু আওয়ামী লীগের নেতা এই সুবিধা ভোগ করেছেন।
জামালগঞ্জে একই পরিবারের এক ভাই আওয়ামী লীগ নেতা, আরেক ভাই বিএনপির নেতা, আরেক ভাই জাপার নেতা, আরেক ভাই জামায়াত নেতা। জামালগঞ্জে প্রধান রাজনৈতিক  দলগুলোতে এমন একটি দুইটি উদাহরণ নয়, এরকম উদাহরণ অনেক। তবে এরকম মিলে মিশে দল করার ইতিবাচক দিকের কথা বলছেন দুই প্রধান দলের নেতারা।
বর্তমান স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরেও চলছে জল্পনা আর কল্পনা,এক ভাই আ.লীগ থেকে নৌকা পেলে অন্য ভাই ধানের শীষ নিবেন না, আবার আরেক ভাই ধানের শীষ না পেলে লাঙ্গল নিবেন। এরকম চলছে কয়েকটি ইউনিয়নের নেতাদের মধ্যে।
অবশ্য সাধারণ জনগন এবার এরকম নেতাদের কাছ থেকে খুব সর্তক ও সাবধান থাকবেন বলেও আভাস মিলছে। জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক না নেওয়ার জন্য আওয়ামী লীগের একটি পরিবার থেকে তাদের চাচাতো ভাইকে চাপ সৃষ্টি করছেন। অবশ্য দু দলের সাধারণ কর্মীরা বলছেন, আমরা শ্রম আর ঘামে দলকে সংগঠিত করি মাঠ পর্যায়ে আর উড়ে এসে জুড়ে বসে ফল ভোগ করেন বসন্তের কোকিলরা। সম্প্রতি জামালগঞ্জে ভীমখালীর বিছনা গ্রামের সাবেক চেয়ারম্যান আবুল খয়ের তালুকদারের বাড়ীতে ও শুক্রবার সাচনা বাজারের দুর্লভপুরে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বিএনপি নেতাদের বাড়িতে দাওয়াতে গেলে আলোচনার ঝড় উঠে উপজেলা সদর ও প্রধান বিপণী কেন্দ্র সাচনা বাজারের বিভিন্ন দোকানে।
এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও স্থানীয় এক সাংবাদিক স্ট্যাটাস দিলে সেটিও আলোচনা বিষয়ে পরিণত হয়েছে। এ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য হচ্ছে।
জানা যায়, জামালগঞ্জে আওয়ামী লীগের প্রথম সারিতে আছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, তার ছোট ভাই রফিকুল ইসলাম বিন বারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, আরেক ভাই উপজেলা জামায়াতের সেক্রেটারী ফখরুল আলম চৌধুরী। অপর দিকে প্রধান বিরোধী দল বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দির ছোট ভাই অ্যাড. নাসিরুল হক আফিন্দি জেলা যুবলীগের সদস্য, অন্য ভাই এমদাদুল হক আফিন্দি উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক। উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দি, তার ছোট ভাই গোলাম জিলানী আফিন্দি রাজু বর্তমান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, তার বড় ভাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদ উল্লাহ সরকার। উপজেলা বিএনপির নেতা ও জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম তালুকদার ঝুনুর ছোট ভাই সদ্য আওয়ামী লীগে যোগদানকারী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল আলম মোহন।

  • [১]