স্টাফ রিপোর্টার
ইউনিয়ন নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি জামালগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। উপজেলা আওয়ামী লীগের একাংশ স্থানীয়ভাবে সভা করে প্রার্থী বাছাই করেছেন। কোথাও একবার বাছাই আবার কোথাও দুইবার বাছাই করা হয়েছে।
অন্যান্য ইউনিয়নে একবার করে প্রার্থী বাছাই করা হলে ফেনারবাঁক ইউনিয়নে দুইবার প্রার্থী বাছাই করা হয়েছে। ফেনারবাঁকে একাধিক হত্যা মামলার আসামীকে ও বেহেলীতে অর্থের বিনিময়ে প্রার্থী বাছাই করার অভিযোগ উঠেছে। যদিও প্রার্থী বাছাই নিয়ে এসব অভিযোগ মিথ্যা দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফেনারবাঁক ও বেহেলী ইউনিয়ন আওয়ামী লীগ।
একপক্ষ উপজেলা পর্যায়ে সভা করে প্রার্থীদের নাম ঘোষণা করলেও অন্যপক্ষ স্থানীয়ভাবে সভা-সমাবেশ না করে ঢাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জীবনবৃত্তান্ত ও আবেদন জমা দিয়েছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের এই অংশের সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ দাবি করেছেন দলীয় নিয়ম মোতাবেক ইউনিয়ন পর্যায়ে সভা করে প্রার্থী বাছাইয়ের পর আজ (বুধবার) প্রার্থীদের জীবনবৃত্তান্ত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমন সাহেবের কাছে জমা দেয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য দলীয় ১০ জন মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল করিম ইমনের কাছে জীবনবৃত্তান্ত ও আবেদন জমা দিয়েছেন।
জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে দলীয় মনোনয়নের জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, ফেনারবাঁক ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি (উপজেলা আওয়ামী লীগের এই অংশের সভাপতি) প্রাক্তন ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, ভীমখালী ইউনিয়নে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, সাচনাবাজার ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সায়েম পাঠান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা অসীম চন্দ্র তালুকদারের নাম পাঠানো হয়েছে।
দলীয় মনোনয়ন প্রত্যাশী আবেদনকারীদের জীবনবৃত্তান্ত জমাদানকারীদের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের এই অংশের সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ।
আসাদ আল আজাদ বলেন,‘আমরা ইউনিয়ন পর্যায়ে সভা করিনি এটা ঠিক নয়। প্রার্থী বাছাইয়ে আমরা সকল ইউনিয়নে স্থানীয়ভাবে তৃণমুলের নেতাকর্মীদের নিয়ে সভা করেছি। এসব সভা ও সভার সিদ্ধান্ত আমরা রেজুলেশন করে রেখেছি। ’
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন বলেন,‘ আমরা উপজেলা আওয়ামী লীগের বৈধ কমিটির দায়িত্বে আছি। আমরা দলের নির্দেশনা অনুযায়ী গঠনতন্ত্র মেনে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির কাছ থেকে একজন প্রার্থীর নাম পেয়েছি। ৬ ইউনিয়নে ৬ জনের নাম জেলা কমিটির কাছে জমা দেব। এর বাইরে কে কি করল তা আমাদের জানা নেই। মনোনয়নের দাবিতে যে কেউ জীবনবৃত্তান্ত জমা দিতেই পারেন। তবে সিদ্ধান্ত নিবেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক। দলের নির্দেশনার বাইরে কেউ কোন কাজ করলে তা বাস্তবায়ন হবে কিনা তা দেখার বিষয়।’